ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ৭৩ ডলারে লেনদেন হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ৭৬ ডলারে দাঁড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তির প্রয়োজন যুক্তরাষ্ট্রের নেই। তার দাবি, ইরানের অর্থ ও প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই পেরিয়ে গেছে। তাদের অর্থ, শত শত কোটি ডলার এবং তাদের প্রণালি এখন আমাদের হাতে রয়েছে।’
এর আগে এশিয়ার বাজারে দিনের শুরুর দিকে উভয় ধরনের তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমেছিল।
তবে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকায় কয়েক ঘণ্টা পর বাড়ে অপরিশোধিত জ্বালানি তেলের দাম।
ওই সময় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৯৩ ডলার ২১ সেন্টে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৭ সেন্ট বা শূন্য দশমিক ৩১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৮০ সেন্টে দাঁড়ায়।
সূত্র: সিএনবিসি
