নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২১:৫৯

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। এতে দলের সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেন আখতার হোসেন। সেখানে তিনি দাবি করেন, বুধবার রাতে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ঘটনার প্রতিবাদেই মশাল মিছিলের আয়োজন করা হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে আগুন লাগে। তার পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়।

ইত্তেফাক/এসএ