এমপি নুসরাতের বাড়িতে আগুন: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২২:২৪

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিক্রিয়ায় গভীর রাতে স্বরাষ্ট্র, আইন ও জ্বালানি মন্ত্রীকে ফোনে না পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বুধবার রাতে কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার জাতীয় সংসদে এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়ে বক্তব্য রাখেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি জানান, বুধবার মধ্যরাতে (রাত ১টা ২০ থেকে ১টা ২৫ মিনিটের দিকে) এক সহকর্মীর মাধ্যমে তিনি এই দুঃখজনক সংবাদ পান। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন, তবে তাকে ফোনে পাওয়া যায়নি। এরপর আইনমন্ত্রী এবং রাত ২টার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকে ফোন করা হলেও তাদের কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংসদে কথা বলার সময় ডেপুটি স্পিকার বলেন, ‘যখন একজন সংসদ সদস্যের বাড়িতে বা কোথাও এ ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে, ইট অ্যাফেক্টস এভরিওয়ান অব আস (এটি আমাদের সবার ওপর প্রভাব ফেলে)।’

তিনি আরও বলেন, এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার মতো স্পর্শকাতর ইস্যু সংসদে তোলার উপযুক্ত সময় এখনই। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিকভাবে তাকে জানিয়েছেন যে ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ডেপুটি স্পিকার স্পষ্ট করে জানান, তদন্ত প্রতিবেদন ও সাধারণ ডায়েরি (জিডি) অনুযায়ী দ্রুত মামলা দায়ের করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি অপরাধীদের কঠোর বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

ইত্তেফাক/এএম