নিজের পালিত মেয়েই অত্যাচার-নির্যাতন করে বাড়ি ছাড়া করেছেন। এখন নিজের ফ্ল্যাটটিও লিখে নেওয়ার চেষ্টা করছেন- এমন অভিযোগ করেছেন পঞ্চাশোর্ধ্ব নারী দিল আরা খানম ডলি। ইত্তেফাক কার্যালয়ে এসে ডলি অভিযোগ করেন, নিজের পালিত মেয়ে মেহেরুন নেসা নীর (২৫) তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। এখন সম্পত্তি দখলের চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে রাস্তায়, আত্মীয়স্বজনের বাড়িতে দিন কাটছে তার।
পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে তার পালিত মেয়ের সখ্যের কারণে পুলিশের কাছ থেকেও সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেন ডলি। তিনি বলেন, একজন বিদেশি নাগরিককে বিয়ে করেছিলেন তিনি। বেশ কিছুদিন সংসার করলেও তাদের কোনো সন্তান ছিল না। পরে তারা মেহেরুন নেসাকে দত্তক নেন। একপর্যায়ে তার স্বামী মারা যান বলে জানান ডলি। তিনি বলেন, মেহেরুন নেসা বড় হওয়ার পর নানা অপর্কমে যুক্ত হন। অবৈধভাবে আয় করতে শুরু করেন। এর মধ্যে তাকে চাপ দিয়ে টাকা আদায় করে নেন। টাকা না দিলে নির্যাতনের পরিমাণ বেড়ে যায়। এভাবেই এতদিন কষ্ট সহ্য করে বাড়িতে ছিলেন তিনি।
সর্বশেষ মিরপুরের দক্ষিণ পীরেরবাগ বাড়ি থেকে তাকে বের করে দেন এবং তার ফ্ল্যাটটি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন মেহেরুন নেসা। ডলি অভিযোগ করে বলেন, 'গত ১৪ সেপ্টেম্বর মেহেরুন নেসা আমাকে শারীরিকভাবে নির্যাতন করে। এতে শরীরের বিভিন্ন জায়গায় খতের সৃষ্টি হয়। একপযায়ে উত্তেজিত হয়ে আমাকে গলাটিপে ধরে অশ্লীল ভাষায় গালাগাল করে। নানা রকম হুমকি দেয় এবং বাড়ি থেকে বের হয়ে যেতে বলে।'
ডলি আরো অভিযোগ করেন, 'গত ৯ অক্টোবর মেহেরুন নেসা তার ঘনিষ্ঠ পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে আমার ফ্ল্যাটটি দখল করে নেয় এবং একপর্যায়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।' এর আগেও বেশ কয়েক বার আমার গায়ে হাত তোলে মেহেরুন নেসা।' তখন তিনি থানায় জিডি করতে গেলে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর জিডি না করতে বলেন এবং তাকে বাসা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অভিযোগ মতে, পরে আবার মেহেরুন নেসার যোগসাজশে ঐ পুলিশ কর্মকর্তা তার ওপর চড়াও হন। এমন পরিস্থিতিতে ১০ অক্টোবর মিরপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন তিনি। ডলির অভিযোগ, আইনি ব্যবস্থা নিতে গেলে ঐ পুলিশ কর্মকর্তা কৌশলে সেটা নিতে দিচ্ছেন না।
ডলি বলেন, এই বয়সে এমন অত্যাচার আর সামলাতে পারছেন না তিনি। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি করে ডলি বলেন, 'যে কদিন বাঁচি, একটু শান্তিতে বাঁচতে চাই।' এজন্য তিনি সকল মহলের সহযোগিতা চেয়েছেন। এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ইত্তেফাকে বলেন, জিডির তদন্ত করে আমরা আদালতে রিপোর্ট দিয়েছি। উনার মেয়ে যে উনাকে নির্যাতন করেছেন আমরা তার প্রমাণ পেয়েছি। এখন আদালত থেকে যে নির্দেশনা আসবে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।
