অনুমতি নেই আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলের, একই মাঠে মাদকবিরোধী সমাবেশের ডাক

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩০

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে মুফতি আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

তবে প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও মাঠে মঞ্চ তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন আয়োজকরা। অন্যদিকে, একই স্থানে পাল্টা ‘মাদকবিরোধী সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে স্থানীয়রা।

জানা গেছে, ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে শুক্রবার (১৩ নভেম্বর) সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা এবং প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের উপস্থিত থাকার কথা ছিল। মাহফিলের অনুমতি চেয়ে মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছিলেন।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১ নভেম্বর এই আয়োজনের অনুমতির জন্য আবেদন করা হলে তা তদন্তের জন্য পুলিশ সুপারের কাছে পাঠানো হয়। পুলিশ সুপারের পাঠানো তদন্ত প্রতিবেদনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা এবং কিছু বিরূপ মন্তব্যের কথা উল্লেখ করা হয়। এর ভিত্তিতেই মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে তা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

প্রশাসনের নিষেধাজ্ঞা জারির পরও বৃহস্পতিবার বিকেলে সরকারি নলডাঙ্গা ভূষণ মাঠে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন শ্রমিক সেখানে মঞ্চ তৈরির কাজ করছেন। এ সময় উপস্থিত ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী দাবি করেন, সংসদ সদস্য আবু তালিব ও জামায়াতে ইসলামী এই আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করছে। তিনি শুধু স্পন্সর হিসেবে যুক্ত আছেন এবং পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী শুক্রবারের মাহফিলে আমির হামজা উপস্থিত থাকবেন বলে জানান। তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, একই স্থানে শুক্রবার দুপুর ২টায় ‘সচেতন কালীগঞ্জবাসী’র ব্যানারে একটি মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরে মাইকিংও করা হয়।

পরিস্থিতি নিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ জানান, একই স্থানে মাদকবিরোধী সমাবেশের বিষয়টি তার জানা নেই, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন। অন্যদিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং তারা নিজেদের দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে মন্তব্য জানতে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিবের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

ইত্তেফাক/এএম