হাজীগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ৬

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৮

ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শাহরাস্তি উপজেলার ধোপল্লা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শাহজাহান হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর মুন্সিবাড়ির বাসিন্দা।

নিহতের ভাই মানিক হোসেন জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার সময় শাহজাহান সংঘর্ষের মধ্যে পড়ে হামলার শিকার হন। পরে ঘটনাস্থল থেকে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসা শেষে বাড়িতে ফেরার পর হঠাৎ তাঁর বুকে ব্যথা শুরু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, ঘটনাটি শাহরাস্তি উপজেলার। নিহত ব্যক্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকায় পুলিশ তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএইচপি