শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাজেল মাদবর নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাজেল মাদবর জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাত ১টার দিকে জাজিরার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় লাঠিসোঁটা ও লগি-বৈঠা নিয়ে তাঁরা মহাসড়কে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকটি যানবাহন ভাঙচুর এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। অবরোধের কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। এতে পদ্মা সেতুর দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার তাজেল মাদবর এ মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মাঝিরঘাট এলাকায় অভিযান চালানো হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালিয়ে তাজেল মাদবরকে গ্রেপ্তার করে।
ওসি মো. আব্দুস সালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাঝিরঘাট এলাকা থেকে তাজেল মাদবরকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৯ নভেম্বর পদ্মা সেতুর মহাসড়কে অবরোধ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
