ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল মোটরসাইকেলের দুই আরোহীর

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৭

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। মাওয়াগামী লেনে একটি অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সমষপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুজন হলেন রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯)। তারা ঢাকার পশ্চিম শেওড়াপাড়ার ১২৫/১ নম্বর ঠিকানার বাসিন্দা। রাফির বাবা মনজুরুল আলম বাবু এবং জ্যোতির বাবা জাহাঙ্গীর আলম।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ওই দুই তরুণ-তরুণী মোটরসাইকেলে করে ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন। পথে সমষপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। পরে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে ধাক্কা দেওয়া গাড়িকে শনাক্ত করা যায়নি।

 
ইত্তেফাক/এসজেএস