শেকৃবি শিক্ষার্থীদের মাঠ পুনরুদ্ধার আন্দোলনের মধ্যেই পুরোনো বাণিজ্য মেলার মাঠে মেলার অনুমতি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১১:০২

রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশের মাঠ) তিন দিনব্যাপী ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’ ও প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর এ আয়োজন চলবে। তবে মাঠ পুনরুদ্ধারের দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই নতুন মেলার অনুমতি দেওয়ায় অসন্তোষ দেখা দিয়েছে আন্দোলনকারীদের মধ্যে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে ঢাকাসহ সারা দেশে একযোগে সপ্তাহটি পালিত হবে।

মেলা আয়োজনের জন্য শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-২ থেকে বিনা ভাড়ায় মাঠ ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত অনুমতিপত্রে বলা হয়েছে, অনুষ্ঠানের প্রস্তুতি ও মূল আয়োজনের জন্য আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাঁচ দিন বিনা ভাড়ায় মাঠটি ব্যবহার করা যাবে। তবে এ জন্য ৪০ হাজার টাকা ফেরতযোগ্য জামানত ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দেওয়ার পাশাপাশি ১১টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

শর্তগুলোর মধ্যে রয়েছে, গণপূর্ত অধিদপ্তরের নির্ধারিত স্থানসংক্রান্ত নকশার মধ্যে সীমাবদ্ধ থাকা, মাঠের গাছপালা ও স্থাপনার কোনো ক্ষতি না করা এবং স্থায়ী অবকাঠামো নির্মাণ না করা। এ ছাড়া অনুষ্ঠান শেষে নিজ খরচে সব মালামাল অপসারণ, পার্শ্ববর্তী সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা, নিজস্ব স্বেচ্ছাসেবকের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও পুলিশ বিভাগের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার শর্ত দেওয়া হয়েছে। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান কিংবা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচি থাকলে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ছাড়াই অনুমতি বাতিল করতে পারবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তবে মাঠে আবারও মেলার অনুমতি দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন মাঠ পুনরুদ্ধারের আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের একাংশ। তাদের দাবি, মাঠ নিয়ে চলমান বিরোধের সুরাহা না হওয়া পর্যন্ত সেখানে কোনো মেলার আয়োজন করা যাবে না। এ ছাড়া মেলার আয়োজনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অনুমতি নেওয়া হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তাদের দাবি, প্রাথমিকভাবে মেলার স্থান হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠের নাম উল্লেখ করা হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো লিখিত অনুমতিপত্র নেওয়া হয়নি। বিভিন্ন নোটিশেও ভেন্যু হিসেবে পুরোনো বাণিজ্য মেলার মাঠের নাম উল্লেখ রয়েছে।

সরেজমিনে দেখা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে প্রায় ১৭ একর জমির ওপর মেলার আয়োজনের প্রস্তুতি শুরু করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ বিষয়ে সাজসজ্জার দায়িত্বে থাকা শিমুল বলেন, ‘মেলা আয়োজনের সব অনুমতি আমরা নিয়েছি। মৌখিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গেও কথা হয়েছে। গত রাতেও আমরা বিষয়টি জানিয়েছি।’

এ সময় গণপূর্ত অধিদপ্তরের মেলার মাঠের তত্ত্বাবধায়ক আবুল কালাম আয়োজকদের উদ্দেশে বলেন, ‘তোমার কাজ শুরু করো। কোনো ঝামেলা হবে না। অনুমতি দিয়ে দিয়েছে।’

তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে প্রাণিসম্পদ প্রদর্শনীর পাশাপাশি থাকবে ফুড ফেস্টিভ্যাল ও বিশেষ সেমিনার।

দেশের মানুষের প্রাণিজ পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং আর্থসামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ খাতের অবদান তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। এ ছাড়া খামারি ও সাধারণ মানুষকে সচেতন করতে বাংলাদেশ টেলিভিশনসহ (বিটিভি) বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও প্রচারণার ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠে মেলার আয়োজন নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে শিক্ষার্থী ওয়াসিউল হাসান বলেন, ‘মাঠ নিয়ে আমাদের একটা ঝামেলা চলছে। আমরা এই মেলা হতে দেওয়ার পক্ষে নই। তারপরও কেন মেলা হচ্ছে, তা আমরা জানি না। আগে একটা মেলা বন্ধ হয়েছে।’

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, ‘এই মেলার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক আগেই একটি সময়সূচি নেওয়া ছিল। আর এর সঙ্গে ভেটেরিনারি শিক্ষার্থীদের পেশাগত বিষয়টি জড়িত। এ কারণে মেলাটি হতে দেওয়া হচ্ছে।’

এ বিষয়ে শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ইত্তেফাক/এএইচপি