কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ের অফিস সহায়ক নজরুল ইসলামের বিরুদ্ধে প্রায় দুই বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ কাজে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহযোগিতা করছেন বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ে ২০২২ সালের প্রথম দিকে অফিস সহায়ক পদে যোগ দেন নজরুল ইসলাম। ওই বছরের নভেম্বর মাসে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম তার আপন মামা।
অভিযোগ রয়েছে, আত্মীয়তার সুযোগ নিয়ে নজরুল ইসলাম কর্মস্থলে অনুপস্থিত থাকলেও নিয়মিত সরকারি বেতন-ভাতা উত্তোলন করে আসছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি বিদ্যালয়ে আসা বন্ধ করে দেন। তবে প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম ভাগনে নজরুল ইসলামের হাজিরা খাতায় গোপনে স্বাক্ষর দিয়ে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনে সহযোগিতা করছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিদ্যালয়ের জমিদাতা ও শিক্ষার্থী-অভিভাবক শাহ আলম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরেজমিনে হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ে তদন্তে যান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এ সময় তিনি অফিস সহায়ক নজরুল ইসলামকে বিদ্যালয়ে অনুপস্থিত পান।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, নজরুল ইসলাম নামে একজন পিয়ন ছিলেন। হাসিনা সরকারের পতনের পর থেকে তাকে আর বিদ্যালয়ে আসতে দেখা যায়নি। তারা শুনেছে, প্রধান শিক্ষক তার মামা।
এ সময় স্থানীয় বাসিন্দা মাঈদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শাহজামাল, নান্নু মিয়া ও মানিক মিয়াসহ অনেকে অভিযোগ করেন, প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম বিদ্যালয়টিকে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছেন। প্রধান শিক্ষকসহ তার আত্মীয়স্বজনের মধ্যে সহকারী শিক্ষক, অফিস সহায়ক, আয়া, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীসহ মোট ছয়জন কর্মরত রয়েছেন।
তাদের অভিযোগ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও অফিস সহায়ক নজরুল ইসলাম ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও প্রধান শিক্ষক তার হাজিরা খাতায় গোপনে স্বাক্ষর নিয়ে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী বলেন, ‘নজরুল ইসলাম বিদ্যালয়ে মাঝে মাঝে আসতেন। এখন কিছুদিন ধরে আসেন না।’
অভিযোগকারী শাহ আলম বলেন, ‘নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে আসেন না। অথচ প্রধান শিক্ষকের সহযোগিতায় নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর এবং বেতন-ভাতা উত্তোলন করছেন। বিদ্যালয়ে না এসে অবৈধভাবে বেতন-ভাতা উত্তোলনের বিষয়ে সুবিচার পাওয়ার আশায় মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছি।’
অভিযোগের বিষয়ে অফিস সহায়ক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তদন্তকালে হাতিয়া ভবেশ আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈদুল ইসলাম জানান, অফিস সহায়ক নজরুল ইসলাম নিয়মিত বিদ্যালয়ে আসতেন। তবে চলতি নভেম্বর মাসে তিনি অনুপস্থিত রয়েছেন। কী কারণে অনুপস্থিত জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, নজরুল ছুটিতে আছেন। ছুটির আবেদন দেখতে চাইলে তিনি জানান, আবেদনের কপি বাড়িতে রয়েছে। বিদ্যালয়ে তার ছয়জন আত্মীয়স্বজন কর্মরত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাজ্জাদ হোসেন তদন্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্তকালে অফিস সহায়ক নজরুল ইসলামকে অনুপস্থিত পেয়েছি। হাজিরা খাতা ও ছুটির আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র বিদ্যালয় থেকে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কোনো মন্তব্য করা উচিত হবে না।’ তদন্তের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত প্রতিবেদন পাঠানো হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে।
