চার দিন ধরে শূন্যরেখায় পুশ ইনের শিকার নারী, ভরসা বিস্কুট-পানি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৩:২৬

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে পুশ ইনের চেষ্টার শিকার এক নারী চার দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন। বিষয়টির সমাধান না হওয়ায় টানা রোদ ও রাতের কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচে দিন কাটছে তার। স্থানীয়দের দেওয়া বিস্কুট ও পানি খেয়ে কোনোমতে দিন পার করছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ওই নারীকে শূন্যরেখায় অবস্থান করতে দেখা গেছে। মানবিক দিক বিবেচনায় দ্রুত বিষয়টির সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সীমান্তবর্তী এলাকার লোকজন জানান, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে পুশ ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা দেন।

জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম, ঠিকানা বা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। পরে তাকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়।

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, গত মঙ্গলবার সীমান্তে ওই নারীকে পুশ ইনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর পাহারার কারণে তা সফল হয়নি। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর রয়েছে বলেও জানান তিনি।

ইত্তেফাক/এএইচপি