খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা, স্মারকগ্রন্থে লেখা আহ্বান

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৩:২৮

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীতে এক বিশাল নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি তার বর্ণাঢ্য জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি সামগ্রিক অবদান তুলে ধরতে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ ও প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। স্মারকগ্রন্থটির জন্য দেশের বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করেছেন আয়োজকেরা।

আয়োজকদের পক্ষ থেকে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ ডিসেম্বর (সোমবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া দেশের শীর্ষ রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকেরা এতে অংশ নেবেন।

স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে প্রকাশিতব্য বিশেষ স্মারকগ্রন্থের জন্য দেশের বিশিষ্ট লেখক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে কাজ করা ব্যক্তিদের কাছ থেকে লেখা চাওয়া হয়েছে।

স্মারকগ্রন্থে লেখার জন্য মোট ১২টি বিষয় নির্ধারণ করা হয়েছে। বিষয়গুলো হলো— ১. বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব; ২. দলনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন; ৩. পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম; ৪. নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন; ৫. বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তার ভূমিকা; ৬. অর্থনৈতিক দর্শন; ৭. নির্বাচন, গণতন্ত্র ও সংগ্রাম; ৮. সংবাদপত্রের স্বাধীনতা; ৯. তার সঙ্গে প্রত্যক্ষ স্মৃতিচারণা ও জীবনের অজানা অধ্যায়; ১০. সরকার, প্রশাসন, সুশাসন ও দায়িত্ব; ১১. জীবনের শেষ সময়ের অভিজ্ঞতা এবং ১২. তার ব্যক্তিত্ব, রুচিবোধ ও মানবিক গুণাবলি।

বিজ্ঞপ্তিতে লেখা পাঠানোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্তাবলি উল্লেখ করা হয়েছে। প্রতিটি লেখা অবশ্যই মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে এবং শব্দসংখ্যা হতে হবে ১,২০০ থেকে ১,৫০০ শব্দের মধ্যে। নির্ধারিত বিষয়গুলোর আলোকে লেখকের নিজস্ব গবেষণা, অভিজ্ঞতা ও মূল্যায়ন তুলে ধরার সুযোগ থাকবে। তবে সম্পাদকীয় পরিষদের চূড়ান্ত বিবেচনায় নির্বাচিত লেখাগুলোই কেবল গ্রন্থে স্থান পাবে। আগ্রহীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নির্ধারিত ই-মেইল ঠিকানায় ([email protected]) লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে।

স্মারকগ্রন্থের পাশাপাশি বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও জাতীয় অর্জনের ওপর ভিত্তি করে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্যচিত্র নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে তার রাজনৈতিক উত্তরাধিকার ও রাষ্ট্রচিন্তার বহুমাত্রিক মূল্যায়ন সম্ভব হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত থাকবে।

ইত্তেফাক/এনএন