হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৪:০৫

হরমুজ প্রণালির পূর্বে একটি সামুদ্রিক মাইনের আঘাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী। একই সঙ্গে জলপথটির অননুমোদিত এবং বিপজ্জনক দক্ষিণ পথ ব্যবহারের বিরুদ্ধে পুনরায় সতর্কবার্তা দিয়েছে বাহিনীটি।

শুক্রবার (১৩ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, বারবার নিষেধ করা সত্ত্বেও বিস্ফোরিত জাহাজটি ওই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করছিল, যার ফলে এটি একটি নৌ-মাইনের সঙ্গে ধাক্কা খায় এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জাহাজটি এর আগে বিস্ফোরিত হওয়া তেল ট্যাংকারগুলোর পরিণতি থেকে কোনো শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে এবং প্রণালি পার হওয়ার জন্য মার্কিন যুদ্ধবিমানের সুরক্ষার ওপর নির্ভর করার পথ বেছে নিয়েছিল।

আইআরজিসি নৌবাহিনী আরও জানিয়েছে, তারা ‘পূর্ণ দৃঢ়তা এবং কঠোরতার’ সঙ্গে প্রণালিটি পরিচালনা করছে। ইরানের নিয়ম লঙ্ঘন করে এবং সতর্কবার্তা উপেক্ষা করে যেকোনো জাহাজ অননুমোদিত ও বিপজ্জনক পথে প্রবেশ করলে একই পরিণতির মুখোমুখি হবে বলেও তারা হুঁশিয়ারি দিয়েছে।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএইচ