বঙ্গোপসাগরে লঘুচাপ

বৃষ্টির আভাস নেই, শুষ্ক থাকতে পারে দেশের আবহাওয়া

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৪:২৪

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হলেও আপাতত দেশের আবহাওয়ায় এর বড় কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা কম। এ সময় দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আকাশে মেঘের আনাগোনা থাকবে এবং তাপমাত্রায়ও তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টায় প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে দেশের আবহাওয়ার এমন পরিস্থিতির কথা তুলে ধরা হয়।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের কোথাও বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও সামগ্রিক আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকবে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্যও একই পূর্বাভাস বহাল রয়েছে। রোববার, সোমবার ও মঙ্গলবারের আবহাওয়াতেও বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়নি। এই তিন দিনও দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রাজধানীর আবহাওয়ার তথ্যে দেখা গেছে, শুক্রবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হচ্ছিল। আজ সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে ঢাকায় সূর্য অস্ত যাবে। শনিবার ভোর ৬টা ১৩ মিনিটে সূর্যোদয় হবে।

তবে পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও এরপরের পাঁচ দিনের আবহাওয়ার চিত্র ভিন্ন হতে পারে। বর্ধিত পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ইত্তেফাক/এসজেএস