তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ সেনা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৬:০৮

তুরস্কের পূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশে সামরিক বাহিনীর একটি এস-৭০ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ দুর্ঘটনার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মালাতিয়ার ইয়েশিলইউর্ত জেলার সামানকোয় এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। পরে সেই আগুন পাশের একটি বাড়িতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে জরুরি উদ্ধারকারী দল।

নিহতদের মধ্যে দুজন হেলিকপ্টার টেকনিশিয়ান এবং দুজন বিমান বাহিনীর পাইলট। তারা হলেন টেকনিশিয়ান সেরকান ওন্দের ও হুসেইন জেহির এবং পাইলট মেজর এরদেম চিমেন ও ওরহুন পিনার।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের জনসংযোগ বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান। এক বিবৃতিতে তিনি নিহত সেনাদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি এই কঠিন সময়ে তাদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন।

সূত্র: তুর্কিয়ে টুডে ও এএফপি

 

 
ইত্তেফাক/এসএ