খেলাফত আন্দোলনের আমির

সৌদি যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান পাশে থাকবে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৬:২৬

সৌদি আরবের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করতে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান প্রস্তুত রয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। সৌদি সরকার যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের মুসলমানরা দেশটির পাশে থাকবেন বলে জানান তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। সৌদি আরবের মক্কা ও মদিনায় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

সমাবেশে হাবিবুল্লাহ মিয়াজি বলেন, সৌদি আরবের পাশে সারা বিশ্বের ২০০ কোটি মুসলমান রয়েছেন। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে তারা এ সংহতির ঘোষণা দিচ্ছেন। সৌদি সরকার যুদ্ধের আহ্বান জানালে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান দেশটির পাশে থেকে যুদ্ধ করতে প্রস্তুত।

অতীতের একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে মক্কার হারাম শরিফে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর সৌদি সরকার বাংলাদেশের সহযোগিতা চেয়েছিল। তখন বাংলাদেশ থেকে সেনাবাহিনীর একটি দল পাঠানো হয়, যারা হারাম শরিফ থেকে সন্ত্রাসীদের উৎখাত করেছিল। সে সময়ের মতো বর্তমানেও বাংলাদেশ সৌদি আরবের পাশে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সৌদি আরবে হামলার ঘটনায় জাতিসংঘের মাধ্যমে হুথিদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান খেলাফত আন্দোলনের আমির। তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যারা সৌদি আরবে হামলা চালিয়েছে, তাদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে।

ঢাকায় নিযুক্ত সৌদি দূতাবাসের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের মুসলমানদের সৌদি আরব পাশে পাবে। প্রয়োজনে বিশ্ব ঐক্যের আহ্বান জানালে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা দেশটির পাশে দাঁড়াবেন।

সমাবেশে বাংলাদেশ খেলাফত আন্দোলনের অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য দেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

 
ইত্তেফাক/এসএ

এ সম্পর্কিত আরও পড়ুন