মুন্সীগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া রেজাউল বারী শ্রীনগরের একটি মসজিদে প্রায় ২৫ বছর ধরে ইমামতি করছেন।
ওই কিশোরীর স্বজন সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমাম 'জ্বিনের আছরের' চিকিৎসা করান। মেয়েটির এ ধরনের সমস্যা হয়েছে ভেবে কিছুদিন আগে তারা ইমামের শরণাপন্ন হন। গতকাল রাতে ওই কিশোরী বাবা-মায়ের সঙ্গে ইমামের বাড়িতে যান। পরে ইমাম মেয়েটিকে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
পরে শ্রীনগর থানায় গিয়ে পরিবার অভিযোগ জানালে রাতেই অভিযুক্ত রেজাউলকে আটক করে পুলিশ।
ওসি বলেন, 'মেয়েটির মা মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।'
তাকে আদালতে পাঠানো হবে বলে উল্লেখ করেন ওসি।
এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মিলন বলেন, 'অভিযোগ ওঠার পর মসজিদ কমিটির সভা ডাকা হয়েছে। সেখানে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।'
