দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রেল করিডোরে পাইলট প্রকল্প বাস্তবায়নের পর এই নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। এর ফলে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথেও বৈদ্যুতিক ট্রেন চালুর সুযোগ তৈরি হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ মনে করছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রীসেবার মান বাড়ার পাশাপাশি পণ্য পরিবহনে গতি আসবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা ও রেল পরিচালনার ব্যয় কমবে।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, আধুনিক এই বৈদ্যুতিক ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে পারবে।
প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুট নির্বাচন করা হয়েছে। এর পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে।
প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। এর সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে সরকার।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় পরিসরে নির্মাণকাজ শুরু হবে। পাইলট প্রকল্পের আওতায় আমদানি করা হবে ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন। এসব ট্রেনের দুই প্রান্তেই চালকের কক্ষ থাকায় দিক পরিবর্তনের জন্য আলাদা সময় লাগবে না। ফলে নিয়মিত বিরতিতে ট্রেন চলাচল সহজ হবে।
রফিকুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ যাত্রী ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেলপথ রাজধানীর সঙ্গে দেশের প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোকে যুক্ত করেছে। এ রুটে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়। যা মোট পরিবহনকৃত কনটেইনারের মাত্র ৩ শতাংশ। অন্যদিকে, ধীরাশ্রমে ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের মাধ্যমে রেলপথে কনটেইনার পরিবহনের পরিমাণ বছরে সাড়ে ৪ লাখ টিইইউতে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
বৈদ্যুতিক ট্রেন চালু এবং ভবিষ্যতে নেটওয়ার্ক সম্প্রসারণের উপযোগী অবকাঠামো গড়ে তুলতে রেলওয়ে বেশ কিছু উন্নয়নকাজ হাতে নিয়েছে। এর মধ্যে ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এ ছাড়া জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় সহায়তা করবে।
এদিকে, টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তরের কাজ চলছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্র বলছে, ব্যয় বিবেচনায় প্রকল্পকে বাস্তবসম্মত করতে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। এর পরিবর্তে ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলওয়ের দাবি, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক আড়াই লাখ কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন হতো। এ ছাড়া জমি অধিগ্রহণ এবং ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় এ ধরনের রেলপথ নির্মাণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত।
তবে নতুন প্রকল্পগুলোর মাধ্যমে আন্তর্জাতিক প্রক্রিয়ায় কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও দেখছে রেলওয়ে।
