সৌদি আরবের পবিত্র মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সুবিধার্থে চালু রয়েছে বিশেষ ‘তাসহিল কার্ড’। এই কার্ডের মাধ্যমে নামাজের আগে মসজিদের ভেতরে অবস্থান নেওয়া মুসল্লিরা ওজু বা জরুরি প্রয়োজনে বাইরে গেলেও পুনরায় প্রবেশের সুযোগ পান। এতে আগে থেকে দখল করা নামাজের জায়গা হারানোর আশঙ্কা থাকে না।
ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি শুক্রবার মসজিদে নববীতে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হয়। একপর্যায়ে ভেতরের নামাজের জায়গা পূর্ণ হয়ে গেলে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন করে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এ অবস্থায় আগে থেকে মসজিদের ভেতরে থাকা কোনো মুসল্লি ওজু বা অন্য জরুরি প্রয়োজনে বাইরে গেলে পুনরায় প্রবেশ নিয়ে অনিশ্চয়তায় পড়েন।
এ ধরনের পরিস্থিতি এড়াতে দেওয়া হয় তাসহিল কার্ড। মসজিদের ভেতরে অবস্থানরত মুসল্লিরা সাময়িক প্রয়োজনে বাইরে যাওয়ার আগে সংশ্লিষ্ট স্থান থেকে কার্ডটি সংগ্রহ করতে পারেন। পরে সাধারণ প্রবেশ বন্ধ থাকলেও ফেরার সময় প্রবেশপথে কার্ডটি দেখিয়ে আবার মসজিদে প্রবেশের সুযোগ পান।
এর ফলে ওজু কিংবা অন্য জরুরি প্রয়োজনে বাইরে গেলেও মুসল্লিদের আগে থেকে নেওয়া নামাজের জায়গা হারানোর ভয় থাকে না। বিশেষ করে জুমার নামাজে বিপুলসংখ্যক মুসল্লির সমাগমের সময় এ কার্ড তাদের ভোগান্তি কমাতে সহায়তা করে।
সূত্র: ইসলামিক ইনফরমেশন।
