নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের কারণ শর্ট সার্কিট নয়: পল্লী বিদ্যুতের এজিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৯:২০

এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের পেছনে শর্ট সার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা। তার ধারণা, অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত চার সদস্যের কমিটির কাছে জবানবন্দি দেওয়ার পর এ কথা জানান কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর জোনাল অফিসের এজিএম তোজাম্মেল হক।

তিনি বলেন, ঘটনার রাতেই তারা নুসরাত তাবাসসুমের বাড়িতে গিয়েছিলেন। সেখানে বৈদ্যুতিক মিটারটি অক্ষত অবস্থায় পাওয়া যায়। একইভাবে বাড়িটিতে বিদ্যুৎ সরবরাহকারী ট্রান্সফরমারের সার্কিট ফিউজেও কোনো ক্ষতি দেখা যায়নি।

তোজাম্মেল হকের ভাষ্য, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে বৈদ্যুতিক মিটার কিংবা ট্রান্সফরমারের সার্কিট ফিউজ পুড়ে যাওয়ার কথা। কিন্তু এ ঘটনায় দুটির কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি। এ কারণে তাদের পর্যবেক্ষণে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্য কোনো কারণে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

এর আগে শুক্রবার দুপুরের পর থেকে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনায় প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির বক্তব্য নেয় তদন্ত কমিটি। ওই কমিটির কাছেই জবানবন্দি দেন তোজাম্মেল হক।

উল্লেখ্য, শুরু থেকেই নুসরাত তাবাসসুম দাবি করে আসছেন, শর্ট সার্কিট থেকে তার বাড়িতে আগুন লাগেনি। তার অভিযোগ, পেট্রোলবোমা নিক্ষেপ করে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

 
ইত্তেফাক/এসএ