ইসলামী ফ্রন্ট নেতাকে হুমকি

‘পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করবো’

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৯:৩৬

চট্টগ্রামের রাউজানে ইসলামী ফ্রন্টের এক নেতার কাছে মুঠোফোনে চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ১৫ মিনিটের মধ্যে নির্দিষ্ট বিকাশ নম্বরে টাকা পাঠানোর নির্দেশ দিয়ে তাকে বলা হয়েছে, চাঁদা না দিলে যেখানে পাওয়া যাবে, সেখানেই গুলি করে হত্যা করা হবে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নেতা।

হুমকি পাওয়া সেই নেতার নাম মাওলানা ইলিয়াস নুরী। তিনি ইসলামী ফ্রন্টের চট্টগ্রামের রাউজান উপজেলা শাখার সভাপতি। রাঙ্গুনিয়া বেতাগী রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদে রয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোমবাতি প্রতীক নিয়ে রাউজান আসন থেকে প্রার্থী হয়েছিলেন ইলিয়াস নুরী। তবে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

থানায় দেওয়া লিখিত অভিযোগে ইলিয়াস নুরী উল্লেখ করেন, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে তাকে ফোন করে চাঁদার জন্য হুমকি দেওয়া হয়েছে। মুঠোফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি স্থানীয় একজন শীর্ষ সন্ত্রাসীর নামে চাঁদা দাবি করেন। ১০ মিনিট পর একই নম্বর থেকে আবারও ফোন করে বলা হয়, ‘চাঁদা পাঠাইছেন? তাড়াতাড়ি পাঠান। আপনাকে বাঁচানোর জন্য আবার ফোন করলাম। নইলে আপনাকে মেরে ফেলতে হবে। দেখেছেন তো, কত মানুষ আমরা মেরে ফেলছি। আপনাকেও গুলি করে মেরে ফেলব। কসম করে বললাম, মেরে ফেলব।’

এ বিষয়ে মাওলানা ইলিয়াস নুরী জানান, মুঠোফোনে যখন ওই ব্যক্তি কল দেন, তখন তিনি মসজিদে ছিলেন। হুমকিদাতা চাঁদা দাবি করলেও কত টাকা দিতে হবে, তা বলেননি। এমনকি নিজের পরিচয় না দিয়ে একজন সন্ত্রাসীর নামে চাঁদা চেয়েছেন। বিকাশের একটি নম্বরে তাকে চাঁদা দিতে বলেন।

ইলিয়াস নুরী উল্লেখ করেন, ‘আমাকে বলেছে, পোলাপান চালানোর জন্য চাঁদা দেবেন, নইলে যেখানে পাব গুলি করবো। কসম কেটে বলেছে, চাঁদা না দিলে আমাকে হত্যা করা হবে। আমি এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি, পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।’

এদিকে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

ইত্তেফাক/এনটিএম