রামপালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২০:৫৩

বাগেরহাটের রামপালে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে রামপাল থানা পুলিশ। নিহতের আনুমানিক বয়স ২৩ থেকে ২৪ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার রণসেন মিরাখালী এলাকার স্থানীয়দের কাছে খবর পেয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

রামপাল থানা সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধার করে পুলিশ প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ থানায় নিয়ে আসে। সুরতহাল তৈরির সময় দেহে কোনো আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। বাগেরহাট জেলা সিআইডি পুলিশের একটি টিম মরদেহে শরীর থেকে আলামত সংগ্রহ করেছে।

রামপাল থানার ওসি মো. মাসুদুর রহমান জানান, সিআইডির পাশাপাশি এসআরবি ও নমুনা সংগ্রহের পর মরদেহটি বাগেরহাটের মর্গে পাঠানো হবে। মরদেহটি অন্য কোথাও থেকে এনে ওখানে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে তাৎক্ষণিকভাবে মরদেহর কোনো পরিচয় পাওয়া যায়নি জানিয়ে ওসি বলেন, পরিচয় শনাক্তের জন্য মরদেহটি কয়েকদিন মর্গের হিমঘরে রাখা হবে। কোথাও থেকে কেউ চিনে থাকলে বা পরিচয় পাওয়া গেলে দ্রুত থানায় জানানোর জন্য বলা হয়েছে।

ইত্তেফাক/এপি