আমরা এমন একটি প্রজন্ম, যারা ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এ জাতি বারবার প্রমাণ করেছে, আমরা কখনো মাথা নত করিনি, ভবিষ্যতেও করব না বলেও জানান তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের মানুষের সংগ্রামী চেতনার কথা তুলে ধরে সিবগাতুল্লাহ বলেন, ‘বাংলাদেশের মানুষ অনেক দুঃখ-কষ্টের মধ্য দিয়ে জীবনযাপন করছে। এই দুর্দশা থেকে দেশকে মুক্ত করার দায়িত্ব আমাদের প্রজন্মকেই নিতে হবে। গত ১৬ বছর আমরা নতজানু পররাষ্ট্রনীতি দেখেছি। কিন্তু আমরা চুপ করে বসে থাকিনি। পলাশীর যুদ্ধে পরাজয়ের পর বক্সারের যুদ্ধে আবারও লড়াই করেছি। ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীরের বাঁশের কেল্লার লড়াই, বালাকোটের যুদ্ধ এবং ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ আমাদের সংগ্রামী ইতিহাসের অংশ। এত বছর পরও বাংলাদেশের মানুষের মধ্যে সেই লড়াই করার মানসিকতা অটুট রয়েছে।’
বিশ্ববিদ্যালয়গুলোর অতীত পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘একসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে যেতে ভয় পেতেন। গেস্টরুমে গিয়ে অনেকের বড় বড় স্বপ্ন একদিনেই শেষ হয়ে যেত। জুলাই বিপ্লবের মাধ্যমে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। তবে বর্তমানে আমরা নতুন কিছু সংকটের মুখোমুখি হচ্ছি। শিক্ষা ও কর্মসংস্থান খাতে নানা সমস্যা তৈরি হয়েছে, বাড়ছে বেকারত্ব। প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ৫০ থেকে ৬০ হাজার মেধাবী শিক্ষার্থীর জন্য উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা নেই।’
সাম্প্রতিক এনটিআরসি নিয়োগ প্রক্রিয়ার সমালোচনা করে ছাত্রশিবিরের এই নেতা বলেন, ‘কয়েক দিন আগে স্কুল-কলেজে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি আন্দোলন হয়েছে। নিয়ম অনুযায়ী, এই নিয়োগ এনটিআরসির মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে সেই প্রক্রিয়া পরিবর্তন করে স্কুল-কলেজের গভর্নিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের ষড়যন্ত্র করা হয়। অথচ এসব কমিটিতে দলীয় পরিচয়ের ভিত্তিতে এমন ব্যক্তিদের বসানো হয়েছে, যাদের নিজেদের যোগ্যতা নিয়েই প্রশ্ন রয়েছে। তাদের হাতে নিয়োগের ক্ষমতা থাকলে অর্থের বিনিময়ে নিয়োগ-বাণিজ্য হতো। এতে শেষ পর্যন্ত জাতি মেধাবী শিক্ষকদের হারাতো।’
বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে বাকৃবি শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় আট শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের বরণ করে নিতে উপহার হিসেবে ব্যাগ, জার্সি, বই, পানির বোতল ও কলমের বক্স দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. ত্বোহা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রশিবিরের সাবেক সদস্য ও নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈন।
