মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি করায় দুই বাংলাদেশি ১৪ দিনের রিমান্ডে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২১:০৫

মালয়েশিয়ায় অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। জাল নথি তৈরি করে অবৈধভাবে ওয়ার্ক পারমিট সংগ্রহের সঙ্গে জড়িত সন্দেহে তাদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে পেনাং রাজ্যের সেবেরাং পেরাই সেলাতান জেলার সিম্পাং আমপাট এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিচালিত ‘অপ সারকাপ’ নামের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পেনাং রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক শামসুল ফিতরি আহমাদ জানান, গ্রেপ্তার দুই বাংলাদেশির বয়স যথাক্রমে ২৩ ও ৩২ বছর। তারা অভিবাসনসংক্রান্ত জাল নথি তৈরির একটি চক্রের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, অভিযানের সময় ওই বাসায় তল্লাশি চালিয়ে এক সন্দেহভাজনের কাছ থেকে অন্য ব্যক্তির পরিচয় ও তথ্য ব্যবহার করে তৈরি করা ই-পাসের মুদ্রিত কপি উদ্ধার করা হয়। এ ছাড়া তার নিজের নয়, এমন কয়েকটি পরিবর্তিত ই-পাসের কপিও পাওয়া গেছে। পেনাং রাজ্য অভিবাসন বিভাগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

অভিবাসন বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে, আবাসিক ভবনটি বিদেশি নাগরিকদের ব্যক্তিগত তথ্য পরিবর্তন এবং বিভিন্ন নথি জাল করে ছাপানোর কাজে ব্যবহার করা হতো। এসব জাল নথির মাধ্যমে অবৈধভাবে অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) সংগ্রহের ব্যবস্থা করা হতো বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

এ চক্রের মাধ্যমে কতজন বিদেশি নাগরিক পিএলকেএসের জন্য আবেদন করেছেন কিংবা ওয়ার্ক পারমিট সংগ্রহ করেছেন, তা শনাক্তে তদন্ত চলছে বলে জানান শামসুল ফিতরি আহমাদ।

অভিযানকালে জালিয়াতির কাজে ব্যবহৃত সন্দেহে একটি প্রিন্টার, একটি ল্যাপটপ এবং পাকিস্তানি এক নাগরিকের পাসপোর্ট জব্দ করা হয়েছে।

অভিবাসন বিভাগ জানিয়েছে, জব্দ করা সরঞ্জাম ও নথিপত্র পরীক্ষা করে চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি অবৈধভাবে কর্মসংস্থান ভিসা সংগ্রহে চক্রটির কার্যক্রমের বিস্তৃতিও খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/এমএএম