বাংলাদেশ সফরকালে আগামী ২৭ নভেম্বর শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা দেবেন মুসলিম বিশ্বের প্রভাবশালী আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি। একই দিন মুসল্লিদের উদ্দেশে বয়ানও করবেন তিনি। এ কর্মসূচি দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) মুফতি তাকি উসমানির বাংলাদেশ সফরের হালনাগাদ কর্মসূচি প্রকাশ করেন সফরের প্রধান সমন্বয়ক ও রাজধানীর শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ। তার স্বাক্ষরিত কর্মসূচিতে এসব তথ্য জানানো হয়।
কর্মসূচি অনুযায়ী, আগামী ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন মুফতি তাকি উসমানি। এ সময় ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে একাধিক ধর্মীয় সম্মেলন ও অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
আগামী ২২ নভেম্বর রাজধানীর কাওলা নামাপাড়ায় শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত ১৫ সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন মুফতি তাকি উসমানি।
২৩ নভেম্বর জামিয়া আরাবিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি সম্মেলনে এবং ২৪ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় যাওয়ার কর্মসূচি রয়েছে তার।
২৫ নভেম্বর সিলেট আলিয়া মাঠে উলামা সম্মেলনে এবং ২৬ নভেম্বর বেফাক ও হাইআ আয়োজিত উলামা সম্মেলনে অংশ নেবেন তিনি।
২৭ নভেম্বর শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বায়তুল মোকাররমে জুমার খুতবা ও বয়ান দেবেন। একই দিন বাদ আসর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে ইসলাহী সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সফরের শেষ দিন ২৮ নভেম্বর বাদ মাগরিব জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীতে দরসে বুখারি দেওয়ার কর্মসূচি রয়েছে।
মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি। ইসলামি ফিকহ, হাদিস ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি রয়েছে। তিনি পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতিও।
