নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় ১৩ বছর বয়সী আফরিন আক্তারের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে তার মামি সোনিয়া আক্তারের বিরুদ্ধে। ঘটনার ৪৯ দিন পর শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরীর মৃত্যু হয়েছে।
জানা যায়, ঘরে ঘুমিয়ে ছিল কিশোরী আফরিন আক্তার। তখন বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। এ সুযোগে মামি সোনিয়া আক্তার তার ঘরে ঢুকে শরীরে গরম পানি ঢেলে দেন বলে অভিযোগ। এতে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেলে আফরিনকে ভর্তি করা হয় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। প্রায় এক মাস সেখানে চিকিৎসা নেওয়ার পর গত সপ্তাহে তাকে বাড়িতে আনা হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর জমিসংক্রান্ত বিরোধের জেরে আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। এ ঘটনায় বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন আফরিনের মা রওশন আরা। মামলার এজাহারভুক্ত তিন আসামি বর্তমানে কারাগারে আছেন।
জানা যায়, আফরিনের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তারা কারাগারে আছেন। আফরিনের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।
অন্য আসামিদের গ্রেপ্তারে দ্রুত অভিযান চালানো হবে বলে জানান ওসি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের রওশন আরার সঙ্গে তার ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।
পাশাপাশি তার ভাইয়ের স্ত্রী সোনিয়া আক্তার বিভিন্ন সময় তাদের প্রাণনাশের হুমকি দিতেন বলে অভিযোগ করেন রওশন আরা।
পরিবারের সদস্যরা জানান, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। এ সময় বাড়িতে একা ঘুমিয়ে ছিল আফরিন। এ সুযোগে ঘরে ঢুকে তার শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়। এতে কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। আফরিনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
পরে আফরিনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। প্রায় এক মাস চিকিৎসার পর আফরিনকে বাড়িতে আনা হয়। কিন্তু বাড়িতে ফিরলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত শুক্রবার বিকেলে মৃত্যু হয় তার।
এ বিষয়ে আফরিনের মা রওশন আরা জানান, জমিজমা ও একটি মুঠোফোন হারানোকে কেন্দ্র করে তার ভাই জাকির ও ভাবি সোনিয়ার সঙ্গে তাদের পরিবারের বিরোধ তৈরি হয়েছিল। এসব বিরোধের জেরেই তার মেয়ের শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়।
এসময় মেয়ের মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
