গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০০:৩৪

যারা গোমতী নদীর মাটি কাটার সিদ্ধান্ত নিয়েছে, তারা যত বড় হেডম ওয়ালাই হোক না কেন, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি স্পষ্ট করে বলেছেন, নিয়মের মধ্যে কাজ করতে কোনো ‘হেডম’ বা শক্তির প্রয়োজন হয় না। যারা নদীর মাটি কেটে সাধারণ মানুষের ক্ষতি করবে, তাদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে স্থানীয় লোকজনের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাফরগঞ্জ থেকে বিষ্ণুপুর পর্যন্ত গোমতী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের নিয়ে এই সভার আয়োজন করা হয়েছিল।

সভায় অবৈধ ইটভাটা চালুর বিষয়েও তীব্র সতর্কতা উচ্চারণ করেন সংসদ সদস্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "এবার যারা ব্রিকফিল্ড চালু করতেছেন, আপনারা লাগান। খরচটা একটু কইরালন, খরচটা কইরা লাগাইলে এনা ভাংতাম। কিছু না থাকলে ভাংমু কি। ইট যে বানাইতাছেন, চুঙ্গা যে বানাইতাছেন সবগুলারে একেবারে সমান করে ফেলা হবে। অবৈধ কোনো জিনিসকে টলারেড করা হবে না।"

রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর ভিন্নতা থাকবেই, তবে এর বাইরে প্রকৃত বিভাজন হতে হবে অপরাধী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা থাকবে একদিকে আর সাধারণ জনগণ থাকবে অন্যদিকে।

বর্তমান সরকারের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় না এবং গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন তুললেও তা গণমাধ্যমে প্রচার করা হয় না। অথচ সংসদে অনেক সময় এমন সব গতানুগতিক প্রশ্ন করা হয়, যেগুলোর উত্তর খুব সহজেই গুগলে খুঁজে পাওয়া সম্ভব।

সভায় এলাকাবাসী তাদের দীর্ঘদিনের দুর্ভোগ তুলে ধরে জাফরগঞ্জ-বিষ্ণুপুর সংযোগ সেতু নির্মাণের জোরালো দাবি জানান। রঘুরামপুর গ্রামের বাসিন্দারা জানান, প্রতিবছর বন্যায় নদীতীরবর্তী বাড়িঘর তলিয়ে যাওয়ার পাশাপাশি নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারাতে হয়। এই স্থায়ী সমস্যা থেকে মুক্তির জন্য তারা গোমতী নদীর গতিপথ পরিবর্তনে ‘লুপ কাটিং’-এর ব্যবস্থার দাবিও উত্থাপন করেন।

এলাকাবাসীর এসব সমস্যার জবাবে হাসনাত আবদুল্লাহ জানান, সংসদের পরবর্তী অধিবেশনে তিনি এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন। এলাকার মানুষের কল্যাণে ও স্বার্থরক্ষায় প্রয়োজন হলে সংশ্লিষ্ট মহলে বারবার দাবি জানাতে তাঁর কোনো আপত্তি নেই বলেও তিনি আশ্বাস দেন।

ইত্তেফাক/এএম