এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা: ১০ বোর্ডে ১ লাখ ৫৮ হাজার শিক্ষার্থীর আবেদন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:০৩

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পর নেওয়া বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে আয়োজিত হচ্ছে সাপ্লিমেন্টারি (পুনঃপরীক্ষা)। ১০টি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এই বিশেষ পরীক্ষায় অংশ নিতে ইতিমধ্যে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী ফরম পূরণ ও আবেদন করেছে। আগামী ১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, এখনো একটি শিক্ষা বোর্ডের চূড়ান্ত তথ্য হাতে আসেনি।

শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফল প্রকাশের এক মাসের মধ্যে এই পরীক্ষা নেওয়ার কথা ছিল। সে অনুযায়ী, গত ৫ নভেম্বর শুরু হওয়া সাপ্লিমেন্টারি পরীক্ষার এই ফরম পূরণ চলে ৯ নভেম্বর পর্যন্ত। বর্তমানে পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত সময়ে এই পরীক্ষা সম্পন্ন হবে।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন এবং মোট অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।

অকৃতকার্যদের একটি বড় অংশ—অর্থাৎ ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী এক বা দুই বিষয়ে ফেল করেছিল। সার্বিক বিবেচনায় এ বছর গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। ব্যাপক সংখ্যক শিক্ষার্থী ফেল করার পর শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন দ্রুততম সময়ের মধ্যে এই সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন।

ইত্তেফাক/এএম