খাগড়াছড়িতে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির ৪ নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৮

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দলটির চার নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার আলুটিলা পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছেন। আহতরা হলেন মাটিরাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত বিকাশ ত্রিপুরা, আহ্বায়ক কমিটির সদস্য প্রবীণ ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজল এবং সদর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সুমন ত্রিপুরা।

আহত প্রবীণ ত্রিপুরার ভাষ্য, সাত থেকে আটটি মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দেওয়ার সময় তাদের ওপর লাঠি ও ধারালো দা নিয়ে হামলা চালানো হয়। এতে তারা আহত হন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, ২০ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য জানিয়েছেন মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ উদ্দিন। তিনি বলেন, বিএনপির কয়েকজন নেতাকর্মী মোটরসাইকেলযোগে আলুটিলা পুনর্বাসন এলাকায় আওয়ামী লীগের লোকজনকে আটক করতে গিয়েছিলেন বলে তিনি শুনেছেন। এ সময় হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির চারজন আহত হয়েছেন বলেও খবর পেয়েছেন তিনি।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে। এ ঘটনায় ওই এলাকা থেকে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ইত্তেফাক/এএইচপি