ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধ থাকা শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ফেরি চলাচল পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আব্দুল বারী ড্যানির শর্তসাপেক্ষ আশ্বাসের পর শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে ফেরি চলাচল স্বাভাবিক করেন কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে শনিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। এতে নৌ-রুটের দুই প্রান্তে পারাপারের অপেক্ষায় প্রায় দেড় শতাধিক যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।
জানা গেছে, গত শুক্রবার নরসিংহপুর ফেরিঘাটের কাছে ফেরি কাকলীর সঙ্গে একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ হয়। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন শিক্ষার্থীকে চাপা দেয়। এতে তরিকুল ইসলাম (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়।
এ ঘটনায় চাঁদপুরের আলুবাজার নৌ-পুলিশ ফাঁড়ি ফেরি কাকলীর প্রথম শ্রেণির মাস্টার মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে। পরে মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার ভোর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন বিআইডব্লিউটিসির ফেরির কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি ছিল, অন্যায়ভাবে মাস্টার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত ফেরি পরিচালনা করবেন না বলেও ঘোষণা দিয়েছিলেন তারা।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক ইকবাল হোসেন ফেরি চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের সঙ্গে আলোচনা ও শর্তসাপেক্ষ আশ্বাসের পর মাস্টার অ্যাসোসিয়েশন কর্মবিরতি প্রত্যাহার করেছে। এরই মধ্যে ফেরি চলাচল চালু করা হয়েছে। বেলা ১১টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হওয়ায় ধীরে ধীরে দুই প্রান্তে আটকে থাকা যানবাহন পারাপার স্বাভাবিক হতে শুরু করেছে।

শিশু নিহতের ঘটনায় মাস্টার গ্রেপ্তার, ধর্মঘটে অচল শরীয়তপুর–চাঁদপুর নৌপথ