এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির আবেদনের সুযোগ দিতে সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তির আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন। তবে পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল ভালো হবে, তারাও যেন আবেদনের সুযোগ পায়, সে জন্য সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানাবেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।
এবারের এইচএসসি পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, পাসের হার ছিল ৫২ শতাংশ। গত ৭ নভেম্বর ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে, যা ২৩ নভেম্বর শেষ হবে। এ সময়ের মধ্যেই পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এতে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী জানান, এবারের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে আগে অকৃতকার্য হওয়া প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী পাস করেছে। এছাড়া ৩ হাজার ৭৯ জনের জিপিএ বেড়েছে।
এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের বিষয়টি গভীরভাবে তদন্ত করা হবে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোকে অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে এবং ভালো কাজের জন্য সংশ্লিষ্টদের পুরস্কৃত করতে বলা হবে। পাশাপাশি পরীক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আগে প্রচলিত ১৯৮০ সালের আইনে খাতা নতুন করে মূল্যায়নের সুযোগ ছিল না। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনের অভিজ্ঞতায় পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়ম ও কারসাজির বিভিন্ন ঘটনা দেখেছেন তিনি। খাতার ভেতরে নম্বর পরিবর্তন কিংবা খাতা বদলে দেওয়ার মতো ঘটনাও ঘটত, যা শনাক্ত করা কঠিন ছিল। এসব অনিয়ম ঠেকাতে ১৯৮০ সালের আইন সংশোধন করে এবার খাতা নতুন করে মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে।
এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ পরীক্ষার দ্বিতীয় ধাপ ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশ করা হবে ২৩ ডিসেম্বর। যারা উত্তীর্ণ হবে, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে আসন খালি থাকা সাপেক্ষে ভর্তির সুযোগ পাবে। তবে এ পরীক্ষার ফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম আটকে রাখা যাবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, চার বছরের কোর্স শেষ করতে তার আট বছরের বেশি সময় লেগেছিল। ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থীকে যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেশনজট দূর করার আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, চার বছরের কোর্স চার বছরেই এবং পাঁচ বছরের কোর্স পাঁচ বছরেই শেষ করতে হবে। কোনোভাবেই এর বেশি সময় নেওয়া উচিত নয়। বেশি সময় লাগলে সেটি প্রশাসনের ব্যর্থতা।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সময়ের অপচয়ের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, একজন শিক্ষার্থীর ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে উচ্চমাধ্যমিক শেষ করার কথা। কিন্তু বিভিন্ন প্রশাসনিক জটিলতায় অনেক ক্ষেত্রে এসএসসি পাস করতে ১৭ বছর এবং উচ্চমাধ্যমিক শেষ করতে প্রায় ২০ বছর বয়স হয়ে যাচ্ছে। এতে একজন শিক্ষার্থীর জীবন থেকে প্রায় দুই বছর নষ্ট হচ্ছে।
তিনি বলেন, ২০ লাখ শিক্ষার্থীর প্রত্যেকের দুই বছর করে সময় নষ্ট হলে দেশের জনমিতিক লভ্যাংশ থেকে ৪০ লাখ শিক্ষার্থী-বর্ষ হারাতে হয়। এ ক্ষতির দায় কার? এ কারণে শিক্ষাবর্ষ ও শিক্ষাসংশ্লিষ্ট কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা জরুরি।
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৫ মার্চ থেকে শুরু করার সিদ্ধান্তের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এক মাসের মধ্যে পরীক্ষা শেষ করে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। একইভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচিও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে।
দেশের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার অনুরোধ জানান তিনি। শিক্ষার্থী ও অভিভাবকদের সময়ের মূল্য বোঝার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তাদের অযথা সময় নষ্ট করা যাবে না।
অনুষ্ঠানে রাসায়নিক গুদাম ও বিভিন্ন স্থাপনায় নিরাপত্তার ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। নিমতলীতে রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা স্মরণ করে তিনি বলেন, দুর্ঘটনার পর সবাই উদ্বিগ্ন হয়, কিছুদিন আলোচনা চলে। কিন্তু দুর্ঘটনা ঘটার আগেই সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হয় না।
এ বিষয়ে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে কোনো সমস্যা বা করণীয় থাকলে তাকে জানানোর অনুরোধ করে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়গুলো সরকারের কাছে তুলে ধরার পাশাপাশি মন্ত্রিসভার বৈঠক ও জাতীয় সংসদেও আলোচনা করার সুযোগ রয়েছে তার।
উল্লেখ্য, ‘ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়নবিষয়ক উদ্ভাবন’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং সংগঠনটির আজীবন সদস্য।
