যুক্তরাষ্ট্রে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। চলতি বছর দেশটিতে এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে ২৬ বছর ধরে ধরে রাখা হাম নির্মূলের মর্যাদাও হারিয়েছে দেশটি। দীর্ঘদিন ধরে টিকাদানের হার কমে যাওয়া এবং সংক্রমণ বেড়ে যাওয়াকে এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) পেনসিলভানিয়া ও উইসকনসিনে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়। তাদের মধ্যে উইসকনসিনে মারা গেছে এক শিশু। অন্যদিকে পেনসিলভানিয়ার মন্টুর কাউন্টির এক বাসিন্দার মৃত্যু হয়েছে। চলতি বছর পেনসিলভানিয়ায় সাতজন, উইসকনসিনে দুজন এবং নিউইয়র্কে একজন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। সংশ্লিষ্ট রাজ্যগুলোতে ৩০ বছরেরও বেশি সময় পর এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটল।
২০০০ সালে ব্যাপক টিকাদান কর্মসূচির সাফল্যে যুক্তরাষ্ট্রে হামকে নির্মূল ঘোষণা করা হয়েছিল। এর অর্থ ছিল, দেশটিতে ভাইরাসটির স্থানীয়ভাবে অব্যাহত সংক্রমণ বন্ধ হয়েছে। তবে গত কয়েক বছরে টিকাদানের হার কমে যাওয়া এবং সংক্রমণের বিস্তার পরিস্থিতি বদলে দিয়েছে।
প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের কাছে প্রতিবেদন জমা দেওয়া বিশেষজ্ঞদের একটি স্বাধীন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, যুক্তরাষ্ট্র আর হাম নির্মূলকারী দেশের মর্যাদা ধরে রাখার যোগ্য নয়। আন্তর্জাতিক এই কমিটি কোনো দেশে একই ধরনের ভাইরাসের সংক্রমণ অন্তত এক বছর ধরে স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে সেটিকে নিয়মিত বা স্থানীয় সংক্রমণ হিসেবে বিবেচনা করে। ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সংক্রমণের ধারাবাহিকতা ও বিস্তারের ধরন নির্ধারণ করা হয়।
গত আগস্টে ইউটাহর জনস্বাস্থ্য পরীক্ষাগারের বিজ্ঞানীরা প্রকাশিত এক গবেষণায় জানান, অঙ্গরাজ্যটিতে এক বছরেরও বেশি সময় ধরে একই ধরনের হামের ভাইরাস ছড়িয়ে পড়ছিল। আক্রান্তদের ৯৫ শতাংশেরও বেশি এই ভাইরাসে সংক্রমিত হন। দক্ষিণ-পশ্চিম ইউটাহ থেকে মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া এ প্রাদুর্ভাবে ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুনের মধ্যে ৬০০ জনের বেশি আক্রান্ত হন।
এ ছাড়া সাউথ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া, উইসকনসিন ও নিউইয়র্কসহ আরও কয়েকটি অঙ্গরাজ্যে দীর্ঘস্থায়ী সংক্রমণ দেখা গেছে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের ভাইরাসবিদ এবং ‘ভ্যাকসিন’ সাময়িকীর প্রধান সম্পাদক ড. অ্যাঞ্জেলা রাসমুসেন বলেন, ইউটাহর তথ্যই যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের মর্যাদা হারানোর সিদ্ধান্তের জন্য যথেষ্ট ছিল।
চলতি বছর যুক্তরাষ্ট্রে ৫ হাজার ৪০০ জনের বেশি হামে আক্রান্ত হয়েছেন, যা ১৯৯১ সালের পর সর্বোচ্চ। দেশটির ৪৩টি নতুন প্রাদুর্ভাবের সঙ্গে আক্রান্তদের বড় একটি অংশের সম্পর্ক রয়েছে। এ ছাড়া এক হাজারের বেশি রোগী গত বছর শুরু হওয়া সংক্রমণের ধারাবাহিকতার অংশ। আক্রান্তদের প্রায় সবাই হাম-মাম্পস-রুবেলা (এমএমআর) টিকা নেননি অথবা তাদের টিকা নেওয়ার তথ্য পাওয়া যায়নি। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, আক্রান্ত প্রতি নয়জনের প্রায় একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, টিকাদানের হার কমে যাওয়ার পাশাপাশি টিকার নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে সন্দেহ ছড়িয়ে পড়াও সংক্রমণ বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। গত দুই বছরে যুক্তরাষ্ট্রে হাম আক্রান্ত, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এ সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ তাঁর প্রশাসনের কয়েকজন সদস্য হাম প্রতিরোধী টিকার কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সিডিসির জাতীয় টিকাদান ও শ্বাসতন্ত্রের রোগবিষয়ক কেন্দ্রের সাবেক পরিচালক ড. ডেমেত্রে দাসকালাকিস বলেন, হাম নির্মূলের মর্যাদা একটি দেশের জনস্বাস্থ্য ব্যবস্থার গুরুত্বপূর্ণ অর্জন। এই মর্যাদা হারানোর অর্থ, সংক্রামক ও অসংক্রামক রোগ মোকাবিলায় দেশটির প্রস্তুতি আগের তুলনায় দুর্বল হয়েছে।
এমএমআর টিকার দুটি ডোজ হাম প্রতিরোধে প্রায় ৯৭ শতাংশ কার্যকর। অর্থাৎ, টিকা না নেওয়া ব্যক্তির তুলনায় টিকা নেওয়া ব্যক্তির ভাইরাসের সংস্পর্শে এসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কম। ২০০০ সালে হাম নির্মূল ঘোষণার পরও যুক্তরাষ্ট্রে প্রতিবছর কিছু বিচ্ছিন্ন প্রাদুর্ভাব দেখা গেছে। সাধারণত বিদেশ থেকে আসা আক্রান্ত ভ্রমণকারীদের মাধ্যমে ভাইরাসটি দেশে প্রবেশ করত। তবে উচ্চ টিকাদানের কারণে এসব প্রাদুর্ভাব সাধারণত ছোট পরিসরে সীমাবদ্ধ থাকত।
কিন্তু ২০২৫ ও ২০২৬ সালে টিকা না নেওয়া পরিবার ও জনগোষ্ঠীর মধ্যে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আরভিং মেডিকেল সেন্টারের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. নুয়ান গুণবর্ধনে বলেন, হাম নির্মূলের মর্যাদা হারানো অত্যন্ত দুঃখজনক। এটি জনস্বাস্থ্য খাতে কয়েক প্রজন্মের অর্জন পিছিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, হাম শুধু জ্বর ও শরীরে ফুসকুড়ি সৃষ্টি করা কোনো সাধারণ রোগ নয়। আক্রান্ত ব্যক্তিরা সাধারণত কয়েক দিন জ্বর, র্যাশ ও শারীরিক অস্বস্তিতে ভোগেন। তবে এ রোগের দীর্ঘমেয়াদি জটিলতাও রয়েছে। হাম শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার স্মৃতিকে দুর্বল করে দিতে পারে। ফলে আগে যেসব সংক্রমণের বিরুদ্ধে শরীর প্রতিরোধ গড়ে তুলেছিল, সেগুলোর বিরুদ্ধেও সুরক্ষা কমে যেতে পারে। এতে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।
গর্ভবতী নারী হামে আক্রান্ত হলে গর্ভের শিশুও সংক্রমিত হতে পারে। এমনকি শিশু জন্মের সময়ও ভাইরাস বহন করতে পারে, যা তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। বিরল ক্ষেত্রে হাম আক্রান্ত হওয়ার কয়েক বছর পর মারাত্মক স্নায়বিক জটিলতাও দেখা দিতে পারে।
জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক ও হাম বিশেষজ্ঞ ড. উইলিয়াম মস বলেন, আক্রান্ত অধিকাংশ মানুষ কয়েক দিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে উঠলেও হামকে নিরীহ রোগ ভাবার সুযোগ নেই। তাঁর মতে, টিকার আওতার বাইরে থাকা শিশু, অঙ্গ প্রতিস্থাপন করা ব্যক্তি, ক্যানসার রোগী এবং যাঁদের রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল, তাঁরা সংক্রমণের সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।
হিউস্টনের টেক্সাস চিলড্রেনস হাসপাতালের টিকা উন্নয়ন কেন্দ্রের সহযোগী পরিচালক ড. পিটার হোটেজ বলেন, যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের মর্যাদা হারানো অত্যন্ত বিব্রতকর। তবে আনুষ্ঠানিক স্বীকৃতির চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো, হাম আবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং সারা দেশে টিকাদানের হার কমেছে। অদূর ভবিষ্যতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার লক্ষণও তিনি দেখছেন না।
বিশেষজ্ঞদের মতে, হাম বিশ্বের সবচেয়ে সংক্রামক ভাইরাসগুলোর একটি। একজন আক্রান্ত ব্যক্তি সাধারণত ১২ থেকে ১৮ জনের মধ্যে ভাইরাসটি ছড়াতে পারেন। এটি বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আক্রান্ত ব্যক্তি কোনো ঘর ছেড়ে যাওয়ার পরও কয়েক ঘণ্টা পর্যন্ত সেই ঘরের বাতাসে ভাইরাসটি থাকতে পারে।
১৯৬০-এর দশকের শুরুতে হাম প্রতিরোধী টিকা চালুর পর থেকেই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বুঝতে পারেন, কোনো এলাকার পর্যাপ্ত মানুষকে টিকার আওতায় আনা গেলে ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব। যুক্তরাষ্ট্র ১৯৭৮ সালে প্রথম হাম সংক্রমণ নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছিল। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন ২০৩০ সালের মধ্যে ৩০টি রোগ নির্মূলের যে লক্ষ্য নির্ধারণ করেছে, হাম তার মধ্যে অন্যতম।
২০১৬ সালে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমেরিকা অঞ্চলের ৩৫টি দেশকে স্থানীয়ভাবে অব্যাহত হাম সংক্রমণমুক্ত ঘোষণা করেছিল। তবে গত বছর কানাডার কয়েকটি প্রদেশে দীর্ঘস্থায়ী প্রাদুর্ভাবের কারণে দেশটি হাম নির্মূলের মর্যাদা হারায়। মেক্সিকোতেও একাধিক বড় প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দেশটি একই ধরনের ঝুঁকিতে রয়েছে।
বিশেষজ্ঞ ড. উইলিয়াম মস বলেন, যুক্তরাষ্ট্রকে আবার হাম নির্মূলের মর্যাদা ফিরে পেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। তাঁর মতে, টিকার প্রতি মানুষের আস্থা কমে যাওয়া, স্কুলে চিকিৎসাগত কারণ ছাড়া টিকা না নেওয়ার প্রবণতা বৃদ্ধি, কিন্ডারগার্টেন পর্যায়ের শিশুদের মধ্যে এমএমআর টিকাদানের হার কমে যাওয়া এবং টিকাদান নীতিতে দুর্বলতা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। ফলে যুক্তরাষ্ট্রের জন্য আগের অর্জন ফিরে পাওয়া সহজ হবে না।
তথ্যসূত্র: সিএনএন
