ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে ছয়টি বিশেষ নির্দেশনা ভালভাবে অনুসরণ করতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্ভুলভাবে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এসব নির্দেশনা প্রকাশ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি এড়াতে শিক্ষার্থীদের নিজেরাই ভর্তি পরীক্ষার আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির কারণে নিজে আবেদন করা সম্ভব না হলে, তার পক্ষে অন্য কেউ আবেদন করার সময় শিক্ষার্থীকে পাশে থেকে পুরো প্রক্রিয়াটি খেয়াল রাখার অনুরোধ জানানো হয়েছে।
অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করতে গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভুলের কারণে অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেননি। আবেদনের সময়ের সঙ্গে পরীক্ষার আসন বিন্যাসের কোনো যোগসূত্র নেই বলেও স্পষ্ট করা হয়েছে। আবেদন শুরুর তারিখে এবং শেষ তারিখে আবেদন করা দুই শিক্ষার্থীর আসন একই কেন্দ্রে, এমনকি একই কক্ষেও পড়তে পারে বলে জানানো হয়েছে।
তৃতীয় নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীরা প্রতিটি পৃথক ইউনিটে আবেদন করার সময় সংশ্লিষ্ট ইউনিটের জন্য আলাদাভাবে পরীক্ষার আঞ্চলিক কেন্দ্র নির্বাচন করতে পারবেন। তবে চারুকলা ও আইবিএ ইউনিটের পরীক্ষা কেন্দ্র শুধু ঢাকা শহরেই থাকবে।
চতুর্থত, আবেদনকারী শিক্ষার্থী ব্যাংকে অথবা অনলাইনে টাকা জমা দেওয়ার পর ড্যাশবোর্ডের সংশ্লিষ্ট ইউনিটে ক্লিক করে ‘পে স্লিপ’ বা ফি প্রাপ্তির রসিদ ডাউনলোড করলেই আবেদন সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে।
পঞ্চম নির্দেশনায় বলা হয়েছে, কোনো বিভাগীয় শহরে আসনসংখ্যার কোনো সীমা নেই। চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া একটি বিভাগীয় শহরে আবেদন করা সব শিক্ষার্থীর পরীক্ষাই ওই বিভাগে নেওয়া হবে।
সবশেষ নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত তথ্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে (যেমন- ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ বা লিঙ্কডইন) প্রচার করা হয় না।
ভর্তি-সংক্রান্ত সব তথ্য শুধু বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই সঠিক তথ্যের জন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ না করে উল্লিখিত ওয়েবসাইটে দেওয়া তথ্য ও নির্দেশনা দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
