তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি 

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ২১:৪৯

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) শ্লীলতাহানির অভিযোগে সাইফুল ইসলাম নামের এক মাদ্রাসার শিক্ষককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা শেষে হেফাজতে নিয়েছে পুলিশ। 

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার ছয়ানী ইউনিয়নের ‘মারকাযে আহমদ মাদ্রাসায়’ এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক। খবর পেয়ে  পুলিশ  আহত ওই শিক্ষককে উদ্ধার করে  এবং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে  প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ওই শিশু শনিবার সকালে মাদ্রাসা যাওয়ার পর শিক্ষক সাইফুল ইসলাম তার শ্লীলতাহানি করে। মাদ্রাসা ছুটির পর  শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে এ ঘটনা বলে। পরে শিশুটির মা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত কয়েকশ’ স্থানীয় লোকজন মাদ্রাসার সামনে জড়ো হন। এক পর্যায়ে শিক্ষক সাইফুলকে আটক করে  তারা গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে। 

স্থানীয়দের অভিযোগ, ওই শিক্ষক এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা  পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ওই শিক্ষককে স্থানীয় লোকজন মারধর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে মাদ্রাসার ওই শিক্ষককে উদ্ধার করা হয়। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি