যশোরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী তৌহিদুর রহমান জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ। এর আগে এদিন ভোরে সদর উপজেলার শেখহাটি পূর্বপাড়ার জুয়েলের বাড়ির টিনে চালের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে ভাষ্য পুলিশের। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, পলাতক জুয়েলের (৪২) বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিষ্ফোরক, চাঁদাবাজি, মাদক মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তিনি একই এলাকার কাজী আলমগীর হোসেনের ছেলে।
যশোরের জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ জানান, শনিবার ভোররাতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জুয়েলের বাড়িতে অভিযানে যায় ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে সটকে পড়ে জুয়েল ও তার পরিবারের সদস্যরা। তার বাড়ি তল্লাশি করে রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি ৭.৬৫ এম এম পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি, এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়। জুয়েলকে গ্রেপ্তারে অভিযান চলছে।
