ইবিতে ভর্তি জালিয়াতি, শিক্ষার্থী ও তার স্বামীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত প্রশাসনের

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ২৩:৫৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির ঘটনায় অভিযুক্ত শামিমা আক্তার ও তার স্বামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইয়াসিনসহ সংশ্লিষ্ট অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণার মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একই ঘটনায় দায়িত্বে অবহেলা ও অপেশাদারিত্বের অভিযোগে ইংরেজি বিভাগের দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। 

ইংরেজি বিভাগের শোকজ প্রাপ্ত কর্মকর্তারা হলেন, উপ-রেজিস্ট্রার ইসরত জাহান এবং সহকারী লাইব্রেরিয়ান মুরাদ হোসেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, গত ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। শিগগিরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শামিমা আক্তার (রোল-২৪১০১০৪) নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে ভর্তি জালিয়াতির অভিযোগ উঠেছে। বিভাগীয় কর্মকর্তাদের যোগসাজশে ওই বর্ষের নিয়মিত ক্লাস-পরীক্ষায়ও অংশ নিয়েছিলেন তিনি। পরে পরীক্ষার ফলাফল তৈরির সময় জালিয়াতির বিষয়টি পরীক্ষা কমিটির কাছে ধরা পড়লে জরুরি সভায় তার পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় বিভাগ। 

জালিয়াতির সম্পূর্ণ বিষয়টিতে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর ও অ্যাকাডেমিক শাখায় কোনো চিঠি না দিয়ে বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে সমাধান করা হয়। এ বিষয়ে প্রশাসনকে না জানিয়ে বিষয়টি বিভাগে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বিতর্ক তৈরি হয়। পরে ঘটনা জানাজানি হলে গত ২৭ জুলাই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে গত ১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত ২৭৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। 

ইত্তেফাক/এমএস