রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় অপকর্মের ধারাবাহিকতা এখনো বহাল: সুজন সম্পাদক

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ২৩:৫৪

দেশে সুশাসন প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাজনৈতিক নেতাদের খুশি করার প্রচলিত পন্থা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় যেসব অপকর্ম হয়েছে, সেগুলোর ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে। মাত্রাগত কিছু পরিবর্তন এলেও পরিস্থিতির মৌলিক কোনো পরিবর্তন হয়নি।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পঞ্চম তলায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে নারায়ণগঞ্জের সুনাম রয়েছে। তবে সন্ত্রাসী জনপদ হিসেবে পরিচিতি এবং নানা অপকর্মের কেন্দ্রবিন্দু হওয়ার কারণে এ জেলার কিছু দুর্নামও রয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে র‌্যাব গঠিত হয়েছিল। র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ডেভিড ছিলেন নারায়ণগঞ্জের বাসিন্দা। এ ছাড়া সাত খুন ও ত্বকী হত্যার মতো ঘটনাও এ জেলার দুর্নামের কারণ হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সুজন সম্পাদক বলেন, পুলিশকে শুধু রাজনৈতিক বসদের খুশি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। পুলিশের কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি এবং তাদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি। অন্যথায় পরিস্থিতির অবনতি ঘটে দেশ বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

সুজন সম্পাদক বলেন, ‘প্রশাসন মাদক-সন্ত্রাস নির্মূলে আন্তরিক তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষের পারসেপশন খুবই গুরুত্বপূর্ণ। অতীতে যেভাবে চলেছে তারই ধারাবাহিকতা রক্ষা হচ্ছে। অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় যেসব অপকর্ম হয়েছে, বিভিন্ন ক্ষেত্র থেকে পৃষ্ঠপোষকতা, অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও যা ছিল, তা এখনো চলছে। হয়তো মাত্রায় ভিন্নতা থাকতে পারে, কিন্তু পরিস্থিতি বদলায় নাই।’

আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বৃদ্ধি এবং তাদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সুজন সম্পাদক। তিনি বলেন, পুলিশের মধ্যে সততা, আন্তরিকতা এবং মানুষের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। তা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং দেশ বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

সুজনের সম্পাদক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। একটি রাষ্ট্রে নাগরিকেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের মালিকের অবস্থান থেকে তারা যদি পদক্ষেপ নেয় তাহলেই পরিবর্তন আসবে। পুলিশ শত চেষ্টা করলেও পারবে না, যদি না নাগরিক তার ভূমিকা পালন করে। সমাজের সচেতন মানুষদের সামাজিক সমস্যাগুলো দূর করতে কেবল আলোচনা নয়, সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’

সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে ‘মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও সহিংসতামুক্ত নারায়ণগঞ্জ গঠনে করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক, নাগরিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন। সুজনের সমন্বয়কারী দিলীপ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল।

ইত্তেফাক/এমএসআর