কক্সবাজার শহরে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলার করার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালানো হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযানে শাখাভিত্তিক বিপণি বিতান স্বপ্ন’কে ৩ লাখ টাকা এবং শাখাভিত্তিক রেস্তোরাঁ জামান রেস্টুরেন্টকে (জামান হোটেল) ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মানবদেহের জন্য খুবই ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়ায় খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে অভিজাত রেস্তোরাঁ ‘কাসুন্দি’ ও ‘চৌরঙ্গী বেকারী’র বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য নিরাপদ খাদ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য জানান, বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে কক্সবাজার শহরে বিভিন্ন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এতে বিভিন্ন খাদ্য পরিবেশনকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। এসময় কয়েকটি প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইনে বিভিন্ন অসংগতি পাওয়া গেছে।
তিনি আরও জানান, অভিযানে সংশ্লিষ্ট আইনলঙ্ঘন করে খাবার পরিবেশন ও বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে ৩ লাখ করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই অভিযোগের পাশাপাশি মানবদেহের জন্য ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়ায় জরিমানার স্থলে নিয়মিত মামলা করার জন্য আদেশ দেওয়া হয়েছে।
আগামীতেও ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্যের নিশ্চিতে পর্যবেক্ষণের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানান সুব্রত ভট্টাচার্য্য।
