সাড়ে ১০ কেজি স্বর্ণ চুরির অভিযোগে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪

ভারতের মাদুরাইয়ে বিখ্যাত গয়নার ব্র্যান্ড ‘তানিশক’-এর একটি শোরুম থেকে বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার গয়না চুরির ঘটনায় মীনাক্ষী নামের এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এই চুরির মূল অভিযুক্ত নিশান্তের ঘনিষ্ঠ বন্ধু। পাশাপাশি নিশান্তের বাবা অশোককেও গ্রেপ্তার করা হয়েছে। 

তবে ঘটনার পর থেকে পলাতক থাকা নিশান্তকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

মাদুরাই নগর পুলিশ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে নিশ্চিত করেছে, নিশান্ত বর্তমানে নিখোঁজ রয়েছেন এবং তাকে খুঁজে বের করতে পুলিশের বিশেষ দল কাজ করছে।

মীনাক্ষীর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক লাখের বেশি অনুসারী রয়েছে, যেখানে তিনি মূলত বিভিন্ন প্রযুক্তিপণ্যের ভিডিও রিভিউ দেন। 

এ ছাড়া ১০ লাখ অনুসারীসমৃদ্ধ ‘টেকবসইন্ডিয়া’ নামের একটি ইনস্টাগ্রাম পেজের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। মীনাক্ষীর বেশ কিছু ভিডিওতে নিশান্তকেও দেখা গেছে। 

পেশায় ভিডিও এডিটর নিশান্তের নিজেরও একটি আলাদা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, যেখানে তিনি ভ্রমণবিষয়ক ভিডিও প্রকাশ করেন।

মাদুরাই নগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এনডিটিভিকে জানান, নিশান্ত একাধিকবার ওই গয়নার শোরুমে গিয়েছিলেন এবং রেকি করার পরই চুরির পরিকল্পনা সাজান।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘নিশান্ত কয়েকবার শোরুমটি ঘুরে দেখার পর চুরির ছক কষেন। এ ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মীনাক্ষী এবং তার বাবা অশোকেরও সম্পৃক্ততা পাওয়া গেছে। চুরি করা গয়নাগুলো কোথায় লুকিয়ে রাখা হয়েছিল, তা মীনাক্ষী জানতেন। পলাতক নিশান্তকে আমরা খুঁজছি।’

শুরুতে শোরুমের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল, মুখোশ পরা এক ব্যক্তি একা ভেতরে ঢুকে গয়না নিয়ে পালিয়ে যাচ্ছে। 

তবে তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে পুলিশ আরও কিছু সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে। তাতেই এই চুরির সঙ্গে মীনাক্ষী ও অশোকের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে চুরি হওয়া গয়না কোথায় লুকানো আছে, তা স্বীকার করেন মীনাক্ষী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নির্জন জায়গা থেকে পাঁচ কেজির বেশি গয়না উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিরা মাটির নিচে গর্ত করে গয়নাগুলো লুকিয়ে রেখেছিলেন।

মূল অভিযুক্ত নিশান্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। অন্যদিকে গ্রেপ্তার মীনাক্ষী ও অশোককে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

গত ৪ সেপ্টেম্বর রাতে তানিশকের ওই শোরুম থেকে সাড়ে ১০ কেজি স্বর্ণের গয়না এবং ১ কেজি হীরার গয়না চুরি হয়।

চাঞ্চল্যকর এই চুরির তদন্তে মাদুরাই নগর পুলিশ নয়টি বিশেষ দল গঠন করেছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, শোরুমটি সম্প্রতি উদ্বোধন করা হয়েছিল এবং সেখানে তখনো কিছু নির্মাণকাজ চলছিল। 

এ ছাড়া শোরুমটির নিরাপত্তাব্যবস্থায় বেশ কিছু ত্রুটিও পুলিশের নজরে এসেছে।

ইত্তেফাক/পিএস