৮৩ বছর বয়সে মারা গেলেন ‘দ্য ওক রিজ বয়েজ’-এর রিচার্ড স্টারবান

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৪

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গসপেল ও কান্ট্রি সংগীতের কিংবদন্তি শিল্পী রিচার্ড স্টারবান আর নেই। গ্র্যামিজয়ী সংগীত দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর দীর্ঘদিনের বেস ভোকালিস্ট এবং কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য এই শিল্পী শনিবার (১৫ নভেম্বর) ৮৩ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পরিবার ও ব্যান্ড কর্তৃপক্ষ।

পরিবার ও দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হেন্ডারসনভিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্টারবান। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। পাশাপাশি ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার জটিলতাও ছিল তার।

১৯৭২ সালে ‘দ্য ওক রিজ বয়েজ’-এ যোগ দেন স্টারবান। এর আগে কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির ব্যাকআপ ভোকালিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। পরে সেই কাজ ছেড়ে গসপেল সংগীতের এই ভোকাল দলে যুক্ত হন। দলটির অন্যতম জনপ্রিয় গান ‘এলভিরা’ তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়।

কয়েক দশক ধরে ব্যান্ডের সঙ্গে নিয়মিত মঞ্চে সংগীত পরিবেশন করেছেন স্টারবান। তবে শারীরিক অসুস্থতার কারণে ২০২৫ সালে নিয়মিত সফর ও সরাসরি সংগীত পরিবেশনা থেকে সরে দাঁড়ান তিনি।

দীর্ঘ সংগীতজীবনে ‘দ্য ওক রিজ বয়েজ’ পাঁচটি গ্র্যামি পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি ২৩ বার এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে দলটি। যুক্তরাষ্ট্রের একাধিক প্রেসিডেন্টের সামনে সংগীত পরিবেশনের পাশাপাশি ‘আমেরিকান ব্যান্ডস্ট্যান্ড’, গ্র্যামি অ্যাওয়ার্ডস এবং ‘গ্র্যান্ড ওলে অপ্রি’র মতো মর্যাদাপূর্ণ আয়োজনে অংশ নিয়েছে তারা।

এ ছাড়া কিংবদন্তি কান্ট্রি সংগীতশিল্পী জনি ক্যাশের সঙ্গে বিভিন্ন সংগীত সফরে অংশ নিয়েছে দলটি। পল সাইমনের জনপ্রিয় গান ‘স্লিপিং স্লাইডিন’ অ্যাওয়ে’-তেও ব্যাকআপ ভোকাল দিয়েছিলেন তারা।

রিচার্ড স্টারবানের মৃত্যুতে যুক্তরাষ্ট্রের কান্ট্রি ও গসপেল সংগীতাঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। দীর্ঘ সংগীতজীবনে তার অবদান স্মরণ করছেন ভক্ত ও সহশিল্পীরা।

ইত্তেফাক/এসজেএস