চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে। রেমিট্যান্স পাঠানোর শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা দেশে সর্বোচ্চ ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৬১ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার এসেছে যুক্তরাজ্য থেকে।
শীর্ষ ১০ দেশের তালিকায় থাকা অন্য দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার, মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার, ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার, কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ, সিঙ্গাপুর থেকে ৫৫ কোটি ৪ লাখ ৯০ হাজার এবং কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
মাসভিত্তিক প্রবাহের হিসাব বিশ্লেষণে দেখা যায়, সর্বশেষ গত অক্টোবর মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮৭ কোটি ৩৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এর আগে সেপ্টেম্বর মাসে এসেছিল ২৭৬ কোটি ৬০ লাখ ২০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া অর্থবছরের প্রথম দুই মাস অর্থাৎ জুলাই ও আগস্টে যথাক্রমে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার এবং ২৯৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছিল।
