১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা: নিহত ৪, গুরুতর আহত ৩৭০

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১২:১৯

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে উল্টো হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। কোথাও দায়িত্ব পালনকালে মারধর, কোথাও আসামি ছিনিয়ে নিতে সংঘবদ্ধ আক্রমণ, আবার কোথাও পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা বা ককটেল নিক্ষেপের মতো ঘটনা ঘটছে। রাজধানী থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে একের পর এক এমন ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিজেদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম ১০ মাসে দায়িত্ব পালনকালে পুলিশের ওপর মোট ১৭৬টি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় চারজন পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন অন্তত ৩৭০ জন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কখনো আন্দোলনের ভিড়ে, কখনো আসামি গ্রেপ্তার করতে গিয়ে, আবার কখনো নিয়মিত টহল দেওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরা। অপরাধীদের এসব আক্রমণে প্রাণহানির পাশাপাশি অনেকে স্থায়ী পঙ্গুত্ব বা গুরুতর জখমের শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে খোদ পুলিশ সদস্যদের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ও নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

তবে পুলিশ সদরদপ্তর বলছে, অপরাধীরা পুলিশকে দুর্বল করার চেষ্টা করলেও তা সফল হবে না। এ বিষয়ে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বলেন, পুলিশের মনোবল একদম মজবুত আছে। কয়েকটি ককটেল বিস্ফোরণ করে এটি দমানো যাবে না। আমরা আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি।

অপরাধ বিশ্লেষকদের মতে, রাজনৈতিক অনৈক্যের সুযোগ নিয়ে অপরাধীরা এ ধরনের সহিংসতা বাড়াচ্ছে। তাই কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, অপরাধ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যেও ন্যূনতম ঐকমত্য প্রয়োজন।

অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় বা সদস্যদের লক্ষ্য করে হামলা এবং বিভিন্ন স্থাপনায় ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য বা দূরত্ব থাকলেও সমাজ ও দেশের নিরাপত্তার প্রশ্নে তাদের ন্যূনতম ঐক্য বজায় রাখা জরুরি। রাজনৈতিকভাবে এ ধরনের সহিংসতা মোকাবিলার উদ্যোগ নেওয়া গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। এ ছাড়া গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি চেকপোস্ট ও টহল টিমের সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

ইত্তেফাক/আইএ