জার্মানিতে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। আগামী বছরের শুরু থেকে ডিজিটাল পদ্ধতিতে ভিসার আবেদন গ্রহণ করা হবে। এ ব্যবস্থায় ২০২৬ সালের শেষ নাগাদ বর্তমান পদ্ধতির অধীনে থাকা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকাও বাতিল করা হবে।
রোববার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জার্মান দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ব্যবস্থায় জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহীদের দেশটির সরকারের ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ বা ‘আউসল্যান্ডসপোর্টাল’-এর মাধ্যমে ভিসার আবেদন জমা দিতে হবে।
দূতাবাস জানায়, আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও সময়সাশ্রয়ী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় আবেদন জমা দেওয়া, প্রয়োজনীয় নথিপত্র যাচাই এবং সরাসরি সাক্ষাৎকারের সময় নির্ধারণ আরও কার্যকর হবে।
নতুন পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা সরাসরি সাক্ষাৎকারের আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারবেন। এ ছাড়া ভিএফএসের মাধ্যমে আবেদনসংক্রান্ত নথিপত্রের প্রাথমিক যাচাই করা হবে।
সরাসরি সাক্ষাৎকারের সময় মূলত আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজন অনুযায়ী নথিপত্রের প্রাথমিক যাচাই করা হবে। এতে সাক্ষাৎকারের জন্য প্রয়োজনীয় সময় কমে আসবে বলে আশা করছে দূতাবাস।
নতুন ব্যবস্থায় আবেদনকারীরা অনলাইনে তাদের আবেদনের সর্বশেষ অবস্থাও জানতে পারবেন। পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন করার সুযোগ থাকবে।
বাতিল হচ্ছে পুরোনো অপেক্ষমাণ তালিকা
নতুন ডিজিটাল ব্যবস্থায় যাওয়ার অংশ হিসেবে ২০২৬ সালের শেষ নাগাদ বর্তমান পদ্ধতির অধীনে থাকা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকা বাতিল করবে জার্মান দূতাবাস।
এ ক্ষেত্রে অপেক্ষমাণ তালিকায় আগে থেকেই নিবন্ধিত শিক্ষার্থীদেরও নতুন করে অ্যাকাউন্ট খুলে কনস্যুলার সার্ভিসেস পোর্টালের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। জার্মানিতে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী নতুন আবেদনকারীদেরও একই পদ্ধতি অনুসরণ করতে হবে।
দূতাবাসের আশা, নতুন ব্যবস্থায় ভিসা আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে এবং সরাসরি সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় কমে আসবে। তবে আবেদনভেদে ভিসা প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।
জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহীরা নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে নিবন্ধন করে আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র ও বিস্তারিত নির্দেশনা পোর্টাল এবং জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
