ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলের আরব দেশগুলো সহায়তা করেছে বলে অভিযোগ করেছে তেহরান। দেশটির দাবি, এই সংক্রান্ত সুনির্দিষ্ট ও নথিভুক্ত প্রমাণ তাদের কাছে রয়েছে, যা ইতোমধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোকে জানানো হয়েছে। গত রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
ইসমাইল বাঘেই বলেন, সার্বিক পরিস্থিতি স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলের দেশগুলো নানাভাবে সহায়তা করেছে এবং এই বিষয়ে তাদের কাছে পর্যাপ্ত নথিভুক্ত প্রমাণ রয়েছে। বিষয়টিকে তেহরান অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান তিনি। এই ইরানি কূটনীতিক আরও উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র এই দেশগুলোর সামরিক ঘাঁটি ব্যবহার করে মিসাইল, ড্রোন ও যুদ্ধবিমান পরিচালনা করেছে এবং মার্কিন বাহিনীকে বিভিন্ন ধরনের লজিস্টিক সহায়তাও দেওয়া হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসনে আঞ্চলিক দেশগুলোর এই সম্পৃক্ততা এবং এর পরিণতি অত্যন্ত পরিষ্কার বলে মন্তব্য করেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এর জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে তেহরানও পাল্টা হামলা চালায়। বাঘেই দাবি করেন, জাতিসংঘ সনদের ৫১ নম্বর ধারার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, এসব দেশের ভৌগোলিক অখণ্ডতার ওপর কোনো হামলা চালানো হয়নি, বরং তাদের মাটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক সম্পদগুলোকেই শুধু লক্ষ্যবস্তু করা হয়েছিল।
এদিকে উপসাগরীয় আরব দেশগুলোর সহযোগিতা জোট জিসিসি গত শুক্রবার তাদের ভূখণ্ডে চালানো ইরানি হামলার জন্য তেহরানের কাছে পূর্ণ ক্ষতিপূরণ দাবি করেছে। জোটটির এমন দাবির পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কঠোর বার্তা ও প্রমাণের বিষয়টি সামনে আনা হলো।
