নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন-সংলগ্ন বাশাইর ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে ওসমান গনি (৩০) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওসমান গনি বাশাইর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে। বাবা-মা হারা এই যুবকের এমন নির্মম মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের জোরালো অভিযোগ, উত্তরাধিকার সূত্রে পাওয়া পৈতৃক জমি দখল ও আত্মসাৎ করার উদ্দেশ্যে তার ফুফা বাবুল হোসেন প্রায় ১৫ দিন ধরে তাকে কোমর ও পায়ে লোহার শিকলে বন্দি করে নির্যাতন চালিয়ে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে বাবুল হোসেনের নিযুক্ত এক ব্যক্তি লাঠি নিয়ে ওসমানকে তাড়া করেন। এ সময় জীবন বাঁচাতে দৌড়ে গিয়ে শিকল পরা অবস্থাতেই শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয় ওসমান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয়দের অভিযোগ, নদীতে ঝাঁপ দেওয়ার পরও ফুফা বা তার পরিবারের পক্ষ থেকে নিখোঁজ যুবককে উদ্ধারে বিন্দুমাত্র কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বাবুল হোসেন। তিনি দাবি করেন, ওসমান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং আশপাশের লোকজনকে বিরক্ত করতেন। তাই নিরাপত্তার স্বার্থেই তাকে শিকলে আটকে রাখা হয়েছিল। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তিনি পালিয়ে যেতেন বলে দাবি তার।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ অনুপ কুমার সিংহ জানান, শনিবার বিকেল থেকে নদীতে তল্লাশি চালানো হলেও সেদিন তার সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে রোববার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে দুপুরে বাশাইর ঘাট এলাকা থেকে শিকল বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম শেখ জানান, নিহত যুবকের কোমর ও পায়ে লোহার শিকল বাঁধা ছিল। জমি সংক্রান্ত বিরোধ ও শারীরিক নির্যাতনের যে অভিযোগ উঠেছে, পুলিশ তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
থানার পরিদর্শক (অপারেশন) মো. ইকবাল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।
