ট্রান্সফরমার চুরির জেরে ৮ মাস ধরে বন্ধ সেচ কার্যক্রম, বিপাকে কৃষক

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৩১

রাজশাহীর চারঘাটে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বরকতপুর গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় আট মাস ধরে বন্ধ রয়েছে সেচ কার্যক্রম। এতে নলকূপটির আওতাধীন প্রায় দেড়শ বিঘা জমিতে চলতি মৌসুমে ধান চাষ করতে পারেননি শতাধিক কৃষক। সেচের অভাবে অনাবাদি পড়ে রয়েছে তাদের জমি।

এদিকে ট্রান্সফরমার চুরির পর নলকূপের দুই চালকের কাছ থেকে জোরপূর্বক দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে পরিচালনা কমিটির সভাপতি ও পরিচালক শাহাদত হোসেনের বিরুদ্ধে। এক সপ্তাহের মধ্যে নতুন ট্রান্সফরমার কিনে নলকূপটি চালুর প্রতিশ্রুতি দিলেও আট মাসেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

উপজেলার নিমপাড়া ইউনিয়নের বরকতপুর মৌজায় অবস্থিত বিএমডিএর এই গভীর নলকূপটি প্রায় ২৪ বছর আগে স্থাপন করা হয়। শাহাদত হোসেনসহ শতাধিক কৃষকের শেয়ারে পরিচালিত নলকূপটির মাধ্যমে এলাকার কৃষিজমিতে সেচ দেওয়া হতো। প্রায় আট মাস আগে দুর্বৃত্তরা নলকূপটির তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে যায়। এরপর থেকেই বন্ধ রয়েছে পুরো সেচ কার্যক্রম।

শনিবার (১৪ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যুতের খুঁটি দাঁড়িয়ে থাকলেও সেখানে কোনো ট্রান্সফরমার নেই। নলকূপের ঘরটি তালাবদ্ধ। চারপাশ আগাছা ও জঙ্গলে ভরে গেছে। দীর্ঘদিন ধরে নলকূপটি অচল পড়ে থাকলেও তা চালুর দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ট্রান্সফরমার চুরির পর নলকূপের দুই চালক মাজদার আলী ও নওশেদ আলীকে চুরির জন্য দায়ী করে ভয়ভীতি দেখান পরিচালক শাহাদত হোসেন। পরে তাঁদের কাছ থেকে জোরপূর্বক দেড় লাখ টাকা আদায় করা হয়। এক সপ্তাহের মধ্যে নতুন ট্রান্সফরমার কিনে নলকূপ চালু করার কথা থাকলেও টাকা নেওয়ার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে একদিকে চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্যদিকে সেচের অভাবে কৃষকদের জমি অনাবাদি পড়ে রয়েছে।

নলকূপের চালক মাজদার আলী বলেন, আমি ও নওশেদ আলী দুজন মিলে নলকূপটি পরিচালনা করতাম। প্রতিদিনের মতো নলকূপ বন্ধ করে ঘরে তালা দিয়ে চলে যাই। পরদিন সকালে চালু করতে এসে দেখি তিনটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এরপর পরিচালক শাহাদত হোসেন আমাদের দুজনকে চুরির জন্য দায়ী করে ভয়ভীতি দেখান। এলাকার প্রভাবশালী হওয়ায় আমরা প্রতিবাদ করতে পারিনি। বাধ্য হয়ে দেড় লাখ টাকা দিয়েছি। তিনি এক সপ্তাহের মধ্যে ট্রান্সফরমার কিনে নলকূপ চালু করার কথা বলেছিলেন। কিন্তু আট মাস পার হলেও নলকূপ চালু হয়নি।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে গভীর নলকূপ পরিচালনা কমিটির সভাপতি শাহাদত হোসেন বলেন, এই সেচ প্রকল্প এলাকার শতাধিক কৃষকের জীবিকার সঙ্গে জড়িত। আগে আমার বাবা এটি দেখাশোনা করতেন, এখন আমি করি। আট মাস আগে ট্রান্সফরমার চুরি হওয়ার পর নলকূপের দুই চালক মাজদার আলী ও নওশেদ আলীর কাছ থেকে এক লাখ ২০ হাজার টাকা আদায় করেছি। ট্রান্সফরমার কেনা ও নলকূপ চালু করার জন্যই টাকা নেওয়া হয়েছিল। খুব দ্রুতই ট্রান্সফরমার গুলো অফিসের সঙ্গে যোগাযোগ করে লাগানো হবে।

সেচের অভাবে জমি অনাবাদি পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা।

নলকূপের সদস্য কৃষক রাসেল বলেন, এই গভীর নলকূপের আওতায় আমার পাঁচ বিঘা জমি রয়েছে। নলকূপটি আট মাস ধরে বন্ধ থাকায় জমিগুলো অনাবাদি পড়ে আছে। চলতি মৌসুমে এক বিঘা জমিতেও ধান আবাদ করতে পারিনি। ধান উৎপাদন করতে না পারায় পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি। বাজারে চালের দামও অনেক বেশি। বাইরে থেকে চাল কিনে সংসার চালানোর মতো সামর্থ্য আমাদের নেই। দ্রুত নলকূপটি চালু না হলে আমাদের মতো কৃষকদের আরও বড় ক্ষতির মুখে পড়তে হবে।

বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, একটি সেচ প্রকল্প আট মাস ধরে বন্ধ থাকায় প্রায় ১০০ জন কৃষকের দেড়শ বিঘা জমি অনাবাদি পড়ে থাকা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির কারণে দীর্ঘদিন ধরে সেচ কার্যক্রম বন্ধ থাকায় কৃষকরা চলতি মৌসুমে জমিতে ধান আবাদ করতে পারেননি। এতে কৃষকদের শুধু একটি মৌসুমের ফসলই নষ্ট হয়নি, বরং তাদের পারিবারিক আয়-রোজগার ও জীবিকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সময়মতো সেচ নিশ্চিত করা না গেলে কৃষকদের উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত সেচ প্রকল্পটি সচল করে কৃষকদের চাষাবাদের আওতায় ফিরিয়ে আনা জরুরি বলে মনে করেন তিনি।

বিএমডিএর চারঘাট, বাঘা ও পুঠিয়া সার্কেলের প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। মাত্র এক মাস হয়েছে। গভীর নলকূপটি আট মাস ধরে বন্ধ রয়েছে এবং সেচের অভাবে কৃষকরা চাষাবাদ করতে পারেননি। এটি অত্যন্ত উদ্বেগজনক।

তিনি আরও বলেন, উদ্বেগের বিষয় হলো নলকূপের দুই চালকের কাছ থেকে টাকা নেওয়া হলেও নতুন ট্রান্সফরমার কেনা হয়নি এবং সেচ কার্যক্রমও চালু করা হয়নি বলে অভিযোগ পেয়েছি। এতে এলাকার কৃষকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি আগে আমার জানা ছিল না। এখন অবগত হয়েছি। দ্রুত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নলকূপটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

এ  বিষয়ে চারঘাট পল্লী বিদ্যুৎ সমিতির-২ জেনারেল ম্যানেজার (ডিজিএম) আশাদুজ্জামান বলেন, এখন পর্যন্ত বিএমডিএর পক্ষ থেকে আমাদের কাছে কোনো লিখিত চিঠি দেওয়া হয়নি। এমনকি এই বিষয়ে কেউ যোগাযোগও করেননি। বিএমডিএ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি