রাজশাহীর আদালত চত্বরে এক তরুণ আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করেছেন প্রতিপক্ষের লোকেরা।
রোববার (১৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর আইনজীবীরা অভিযুক্ত চারজনকে আটকে রাখেন। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায়।
আটক চারজন হলেন- মেহেদী হাসান, মো. নিয়াজ, মো. হাসানুল ও আব্দুল খালেক।
জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রইসুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণ আইনজীবী ইয়ামিন আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামের বাসিন্দা। তিনি নিজে জমি সংক্রান্ত বিরোধের একটি মামলার বাদী। রোববার আদালতে মামলার দিন ধার্য ছিল। যারা তার ওপর হামলা করেছেন, তারা ইয়ামিন আলীর মামলার আসামিপক্ষ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রইসুল ইসলাম বলেন, মামলা করার কারণে এর আগে একবার অভিযুক্ত ব্যক্তিরা আদালত চত্বরে আইনজীবী ইয়ামিন আলীকে মারধর করেছিলেন। তখন এ ব্যাপারে মামলা করা হয়েছিল। কিন্তু পুলিশ সঠিকভাবে তদন্ত না করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল। ওই ঘটনার কোনো বিচার হয়নি। তখন বিচার হলে আজ আবার নতুন করে হামলার ঘটনা ঘটতো না।
রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী জানান, আদালতের কার্যক্রম শেষে আইনজীবী ইয়ামিন আলী রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) অফিসের সামনে ক্যান্টিনের কাছে দাঁড়িয়ে ছিলেন। তখন ইট, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের লোকেরা ইয়ামিন আলীর ওপর হামলা করেন। এতে তিনি রক্তাক্ত জখম হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অভিযুক্ত ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
নগরীর রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, আইনজীবীর ওপর হামলার ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ নিয়ে আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে। মামলা হলে আটক চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
