প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, শিল্প সহযোগিতা ও রোহিঙ্গা সংকট মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সামগ্রিক অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ও তুরস্ক। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এ কথা জানান। তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনের (কপ-৩১) ফাঁকে দুই নেতার বৈঠককে অত্যন্ত আন্তরিক ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই দেশ এখন আরও শক্তিশালী ও পূর্ণাঙ্গ অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি জানান, বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে দুই নেতার মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষাশিল্প পার্কে তুরস্কের সম্ভাব্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় রয়েছে। দুই দেশের মধ্যে বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আশাব্যঞ্জক আলোচনা হয়েছে।
বৈঠকটির গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের আয়োজক হিসেবে ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও তুরস্কের প্রেসিডেন্ট সীমিতসংখ্যক সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। প্রথম দিনেই অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকগুলোর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠকটি অন্যতম।
তিনি বলেন, এ বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশের গুরুত্ব এবং দেশটির নেতৃত্বের প্রতি এরদোয়ানের বিশেষ মনোযোগের বিষয়টি প্রতিফলিত হয়েছে।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আইনি উদ্যোগ, মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়ন এবং সমন্বিত কূটনৈতিক তৎপরতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন।
রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে আসায় সৃষ্ট উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে কীভাবে আরও কার্যকরভাবে একসঙ্গে কাজ করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে সহযোগিতা ও মানবিক সহায়তা কার্যক্রমের অর্থায়ন নিয়ে আলোচনা ইতিবাচক ছিল।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বৈঠকে এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর ব্যক্তিগত আন্তরিকতা প্রকাশ করেন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য উদ্ধৃত করে হুমায়ুন কবির বলেন, এরদোয়ান প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘আপনি আমার অত্যন্ত প্রিয় ভাই। আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা। তবে এর বাইরেও আপনি আমার একজন প্রিয় ভাই ও এমন একজন নেতা, যাঁর সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করব।’
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের জন্য তুরস্কের সক্ষমতার মধ্যে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এরদোয়ান। তাঁর ভাষায়, ‘বাংলাদেশের জন্য আমার ও তুরস্কের সক্ষমতার মধ্যে যা কিছু করা সম্ভব, আমি তা করব। শুধু কোথায় ও কী করা প্রয়োজন, তা আমাকে জানাতে হবে।’
হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্ক সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে অত্যন্ত শক্তিশালী ও সুদৃঢ়। বৈঠকে অর্জিত সমঝোতা প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, বিনিয়োগ এবং মানবিক কূটনীতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নিতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার ও সর্বোচ্চ পর্যায়ে শক্তিশালী। ইনশা আল্লাহ, এ সম্পর্ক আরও এগিয়ে যাবে।’
