এক জালে ধরা পড়ল ১০ লাখ টাকার লাল কোরাল ও চাপা সুরমা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২০:০৬

সেন্টমার্টিন সংলগ্ন সাগরে এক ট্রলারের জালে ১০ লাখ টাকার লাল কোরাল ও চাপা সুরমা মাছ ধরা পড়েছে। এর মধ্যে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ রয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) টেকনাফের শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিকের মালিকানাধীন একটি ট্রলারে এসব মাছ ধরা পড়ে।

পরে রোববার (১৬ নভেম্বর) দুপুরে শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ঘাটের ফিশারিতে মাছগুলো নিয়ে আসা হয়। সেখানে মাছগুলো প্রায় ১০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।

ট্রলারমালিক মোহাম্মদ শফিক বলেন, গতকাল শুক্রবার সকাল ৯টার সময় শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়া ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে তার  ট্রলারটি ছেড়ে যায়। ট্রলারচালক হাফেজ উল্লাহ মাঝির নেতৃত্বে ১১জন মাঝিমাল্লা ছিলেন ট্রলারটিতে।

সন্ধ্যায় সেন্টমার্টিনে দ্বীপের উত্তর পাশে সেন্টমার্টিন চ্যানেলে ট্রলারটি নোঙর করে জেলেরা জাল বসান। ভোর সকালে লাল কোরাল ও চাপা সুরমাগুলো সেই জালে ধরা পড়ে। রোববার দুপুরে শাহপরীর দ্বীপ মিস্ত্রীপাড়া ঘাটের ফিশারিতে এনে মাছগুলো ১০ লাখ টাকায় বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু বলেন, ধরা পড়া কোরাল মাছ ইতোমধ্যেই কক্সবাজার ও ঢাকায় সরবরাহ করা হয়েছে। সেখানে প্রতি কেজি ৭০০-৭৫০ টাকা দামে বিক্রি হবে। কক্সবাজার ও ঢাকা শহরের হোটেলগুলোতে এই মাছের চাহিদা একটু বেশি।

টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল বলেন, এক সঙ্গে এতোগুলো মাছ পাওয়া আসলে খুশির খবর। লাল কোরাল খুবই সুস্বাদু মাছ। লাল কোরাল ঝাঁক বেঁধে প্রবালের স্তূপে বিচরণ করে। তাই সেন্টমার্টিন সংলগ্ন এলাকায় এই মাছগুলো বেশি ধরা পড়ে। লাল কোরাল সর্বোচ্চ ৯ কেজি পর্যন্ত হয়ে থাকে বলে তিনি জানান।

ইত্তেফাক/এপি