গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পাটগাতী ইউনিয়নের চৌরঙ্গী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে কারা এবং কী কারণে তার ওপর হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. আয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মো. আইয়ুব আলী জানান, রোববার বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় দায়িত্ব পালনকালে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলার বাদী মোসলেম উদ্দিনকে কুপিয়ে মারাত্মক আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে মিছিল ও বিক্ষোভ করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার তাদের লগি-বইঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে দেখা যায়। এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। পাশাপাশি জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করেন বিক্ষোভকারীরা।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার গোপালগঞ্জে দিনভর সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লগি-বৈঠা, ঢাল-সুড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ, ভাঙচুরসহ নানা সহিংসতার ঘটনা ঘটে। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।
পরে শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা ওই মামলায় ২ হাজার ২২৪ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২ হাজার জনকে আসামি করা হয়েছে। সর্বশেষ রোববার বিকেলে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের তাণ্ডব: পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর